
চেষ্টা করা হয়েছে দুই বছর ধরে। পরিবর্তন আনা হয়েছে খাবারের তালিকায়, বাড়ানো হয়েছে চলাফেরার সুযোগও। তবু কমেনি ওজন। শেষ পর্যন্ত ১৯ বছর বয়সী চিতাবাঘ পান বাওবাওয়ের ওজন কমানোর চেষ্টা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চীনের একটি চিড়িয়াখানা।
চীনের সিচুয়ান প্রদেশের পানঝিহুয়া চিড়িয়াখানায় বসবাস বাওবাওয়ের। গোলগাল চেহারা ও স্থূল শরীরের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় সে। অনেকেই তার চেহারার সঙ্গে অ্যানিমেশন চলচ্চিত্র ‘জুটোপিয়া’র পুলিশ কর্মকর্তা ক্লহাউজারের মিল খুঁজে পেয়েছেন। দর্শনার্থীদের তোলা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অনলাইনেও পরিচিতি পায় চিতাবাঘটি।
২০২৪ সালে বাওবাওয়ের অতিরিক্ত ওজন নিয়ে আলোচনা শুরু হলে তার জন্য বিশেষ ডায়েট পরিকল্পনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। খাবারের পরিমাণ ও খাওয়ানোর পদ্ধতিতে পরিবর্তন আনার পাশাপাশি চলাফেরা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এ জন্য পাশের খাঁচার সঙ্গে মাঝের বেড়া সরিয়ে দেওয়া হয়। ফলে তার থাকার জায়গা বেড়ে দাঁড়ায় প্রায় ৪৫ বর্গমিটার।
তবে এসব উদ্যোগের পরও আশানুরূপ ফল পাওয়া যায়নি। দুই মাস পরও ওজনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। পরবর্তী সময়ে কিছুটা ওজন কমলেও সম্প্রতি আবারও আগের মতো গোলগাল হয়ে ওঠে বাওবাও। তার নতুন ছবি ও ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের আলোচনা শুরু হয়।
সম্প্রতি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাওবাওয়ের বয়স বিবেচনায় এখন থেকে আর কঠোর খাদ্যনিয়ন্ত্রণ করা হবে না। অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা তার শারীরিক অস্বস্তির কারণ হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চিড়িয়াখানার কর্মীদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাওবাও প্রতিদিন প্রায় ৫০০ গ্রাম মাংস খায়। তার খাবারের তালিকায় রয়েছে গরু ও মুরগির মাংস। সম্প্রতি তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় উল্লেখযোগ্য কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্য পরিবেশে চিতাবাঘ সাধারণত ১২ থেকে ১৫ বছর বেঁচে থাকে। সেই হিসাবে ১৯ বছর বয়সী বাওবাও ইতিমধ্যে স্বাভাবিক আয়ুষ্কালের চেয়েও বেশি সময় পার করেছে। তাই এখন তার ওজন কমানোর চেয়ে সুস্থতা বজায় রাখা এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
দুই বছর ধরে ওজন কমানোর নানা চেষ্টা শেষে আপাতত সেই অধ্যায়ের ইতি ঘটেছে বাওবাওয়ের জীবনে। এখন খাওয়া, বিশ্রাম আর নিজের মতো সময় কাটানোই তার দৈনন্দিন রুটিন। আর গোলগাল চেহারার কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে সে এখনো বেশ জনপ্রিয়।
আরটিভি/এসকে




