ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কোভিড- 19,  অনলাইন ক্লাস এবং ইউজিসি

মো. আরিফুল হাসান

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ০২:২৫ পিএম

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৯ই এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ তা ঈদুল ফিতর পর্যন্ত বৃদ্ধি করা করতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। কোভিড–19 নামক এই সংক্রামক ভাইরাসের সাথে সারাবিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ সরকারের এরকম বাস্তবিক সিদ্ধান্ত নেয়াটাই স্বাভাবিক। উক্ত পরিস্থিতির সাথে তাল মিলাতে অনেক শিক্ষাবিদ ইন্টারনেট ভিত্তিক দূরশিক্ষন বা অনলাইন ক্লাস পরিচালনার জন্য কর্তৃপক্ষগুলোকে পরামর্শ দিয়েছেন।

গত ১৯ মার্চ ২০২০ মাননীয় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এবং শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাগণের উপস্থিতিতে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা ভাইরাস মোকাবেলায় শিক্ষা মন্ত্রণালয় এবং একইসাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

জরুরী এই সভায় করোনা ভাইরাস মোকাবেলা সংক্রান্ত আলোচনা ছাড়াও বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা মোকাবেলার লক্ষ্যে সম্মানিত শিক্ষকগণকে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহিত করা নিয়ে আরো আলোচনা করা হয়। অনলাইন শিক্ষাকে মিথষ্ক্রিয় (Interactive) করার জন্য ভিডিও চ্যাট ভিত্তিক অ্যাপ ‘Zoom’ এবং বিডিরেনের সার্ভার বিনামূল্যে ব্যবহারের পরামর্শ দেয়া হয়। উল্লেখ্য, বিডিরেনের সার্ভিসটিকে একটি পুর্নাঙ্গ রূপ দেয়ার জন্য শিক্ষার্থীদের ডিভাইস হিসেবে মোবাইল/কম্পিউটার এবং স্থির ইন্টারনেটের প্রয়োজন হবে। বিডিরেন ওয়েবসাইটের তথ্যানুসারে, তাদের সার্ভারের সাথে ১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় সংযুক্ত আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর অধীনে সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ৯৭ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বর্তমানে চলছে। সার্ভিসের বাহিরে থাকা বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে মঞ্জুরী কমিশন বিডিরেনের সাথে শীঘ্রই যোগাযোগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করতে বলেছে। এক্ষেত্রে বিডিরেন ২৪ ঘণ্টার মধ্যে তাদের সার্ভিস নিশ্চিত করবে। ইউজিসির এই ধরনের প্রশংসনীয় উদ্যোগ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনভিত্তিক দূরশিক্ষন কার্যক্রম পুরোদমে শুরু করে দিয়েছে। ইউজিসির কর্তৃপক্ষের নির্দেশনার আগেই আমাদের দেশেরও কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই তাদের পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে ইন্টারনেটভিত্তিক দূরশিক্ষন কার্যক্রম শুরু করে দিয়েছে। এক্ষেত্রে শিক্ষকগণ বহুল জনপ্রিয় ভিডিও চ্যাটভিত্তিক ফ্রি অথবা পেইড ভার্সনগুলোকে প্রাধান্য দিচ্ছেন। Hangouts, Hangouts Meet, Zoom, Periscope, Meerkat, Facebook Live, Youtube Live, Skype ইত্যাদি লাইভ স্ট্রিমিং ভিডিও অ্যাপসের মাধ্যমে সারা বিশ্বের অভিজ্ঞ শিক্ষকগণ তাদের দূরশিক্ষন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নামকরা বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি তাদের দূরশিক্ষন ভিত্তিক বিপুল পরিমাণ কোর্স (MOOC) অনলাইন ভিত্তিক শিক্ষাবিষয়ক ওয়েবসাইটসমূহে (যেমন: edx, udemey, coursera) উন্মুক্ত করে দিয়েছে। অন্যদিকে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার বিটিভির মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে প্রতিদিন দূরশিক্ষন কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে যা বাস্তবভিত্তিক একটি পদক্ষেপ।

একটি কথা স্বীকার করতেই হবে যে, শ্রেণীকক্ষের পুরোপুরি বিকল্প হিসেবে প্রযুক্তির বিভিন্ন সীমাবদ্ধতা আছে। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষকগণই দূরশিক্ষন বিষয়ে প্রশিক্ষিত নন। উপরন্তু, শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়েরই প্রযুক্তিজ্ঞান নিয়ে সীমাবদ্ধতা আছে। একটি সুনির্দিষ্ট অবকাঠামো প্রতিষ্ঠার জন্য শুরুতেই তার সুবিধা-অসুবিধাগুলো ভালোমন্দের মাপকাঠিতে পরিমাপ করে সঠিক দিকনির্দেশনা দেয়াই ইউজিসির মত সরকারি প্রতিষ্ঠান থেকে আশা করাটাই সমীচীন। বর্তমানে ৯৭ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং শিক্ষকগণের মধ্যে বেশীর ভাগই দেশের বিভিন্ন প্রান্তে স্ব স্ব স্থায়ী ঠিকানায় অবস্থান করছেন। বাংলাদেশের বহু জায়গায় যেমন 4G, 3G এবং হাই স্পিড ইন্টারনেট আছে তেমনি ইন্টারনেটবিহীন বা একেবারেই দুর্বল ইন্টারনেট ব্যবস্থাও অনেক জায়গায় আছে। করোনা নিয়ে যেখানে সবাই আতংকে আছে তারা ঘর থেকে বের হয়ে শক্তিশালী নেটওয়ার্ক আছে এমন জায়গায় নির্দিষ্ট সময়ে গিয়ে লাইভ ক্লাসের জন্য থাকতে চাইবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। লাইভ ক্লাসে ছাত্রছাত্রী উপস্থিতি, সাইবার বুলিং, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা, নিরাপত্তা, ভিডিও/অডিও চ্যাটের মানদণ্ডের ব্যাপারগুলো এসে যায়। অজপাড়াগাঁয়ের 2G/3G/নাই G তে দোদুল্যমান ছেলেটা Attendance না দিতে পেরে যে মাথার চুল ছিঁড়তে পারে -তা নিয়ে নীতিনির্ধারকদের ভাবতে হবে।

ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফ্রি সার্ভিস (ফ্রি Facebook); লো-অ্যান্ড অ্যান্ড্রয়েড মোবাইল ভিত্তিক বিল্ট-ইন অ্যাপস Hangouts, Imo; লাইভ ভিডিও সেভ করে রাখা যায় যা পরবর্তী সময়ে দেখা যাবে এমন অ্যাপস Facebook Live, Youtube Live; নোটশ, প্রায় সবরকম সুবিধা সম্বলিত তুলনামূলক নিরাপদ Google এর G-suite প্যাকেজ ইত্যাদি বিভিন্ন ধরনের প্রযুক্তিগুলো ভাবনায় নিয়ে আসলে আরও সহজ এবং বাস্তবভিত্তিক সমাধান বের হয়ে আসবে।

করোনা পরিস্থিতি কতদিন ধরে আমাদের সবাইকে মোকাবেলা করতে হবে তা একেবারে নির্দিষ্টভাবে বলা না গেলেও সারাবিশ্বকে যে এ সংক্রামক ব্যাধিটি একটি দীর্ঘ সময় ধরে ভুগবে এটা নিশ্চিত করে বলা যায়। তাই ইউজিসি, সরকারি-বেসরকারি এবং বিভিন্ন কর্তৃপক্ষকে মানদণ্ডের ভিত্তিতে কয়েকটি অপশন নির্ধারণ করে দূরশিক্ষন কার্যক্রম পরিচালনায় এগিয়ে আসলে তা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজস্ব সক্ষমতাকে সমৃদ্ধ করবে।

লেখক:

মো. আরিফুল হাসান, প্রভাষক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং।

জিএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেমন ছিল নির্বাচনের সময়ে মাশরাফীর দিনগুলো
৩০ ডিসেম্বর ২০১৮ থেকে ৩০ ডিসেম্বর ২০২০, মাঝে কেটে গেছে দুই বছর। এই দুই বছর আগে এই দিনেই অনুষ্ঠিত হয়েছিল জাতীয় নির্বাচন। যেখানে অংশ নিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজাও। বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়কের জাতীয় নির্বাচনে আসাটা অনেকে মেনে নিতে পারেননি আবার অনেকে বাহবা দিয়েছেন, চেষ্টা করেছেন উৎসাহ দেয়ার। অনেকের চাওয়া ছিল, তার মতো একজন তরুণের রাজনীতিতে আসাটা দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তৃনমূল, সবখানেই ছিল পক্ষে বিপক্ষে মতামত। সব ছাপিয়ে মাশরাফী অংশ নেন নির্বাচনে এবং সফলতার সঙ্গে বিজয়ী হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে। নির্বাচনকে কেন্দ্র করে ২২ ডিসেম্বর ২০১৮ তারিখে পৌঁছে যান নড়াইলে। এই সময় থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ছিলাম মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে। আমার কাছে ক্রিকেটের মাশরাফী নতুন কেউ না হলেও রাজনীতির মাশরাফী ছিল একদমই নতুন। নড়াইল যাবার আগে একদিন বলছিলেন, আমি নড়াইলে আওয়ামীলীগের অফিসেও যাইনি কখনও। কীভাবে পারব সামলে নিতে! রাজনীতির মাঠে একেবারেই নতুন মাশরাফী কী ভাবে সামলেছিলেন সেসব? যতটা দেখেছি সামনে থেকে সেসবই তুলে ধরার চেষ্টা করেছি। অচেনা পরিবেশের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয় সেটার দৃষ্টান্ত উদাহরণ হতে পারেন মাশরাফী বিন মুর্তজা। ক্রিকেটের কল্যাণে বহু দেশ ঘুরেছেন, বহু দেশের ভৌগলিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হয়েছে দেশের জন্য। এবারের পরিবেশটা একেবারেই ভিন্ন! ক্রিকেটের বাইশ গজ এখনও ছাড়েননি তিনি কিন্তু, মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে নেমেছেন রাজনীতির মাঠে। এই মাঠের পরিবেশটা তো একেবারেই নতুন তার জন্য। খেলার মাঠ আর রাজনীতির মাঠ, দুটোর সঙ্গেই মাঠ জুড়ে দেয়া হলেও মাশরাফির কাছে রাজনীতির মাঠ তো একদমই অচেনা! এই মাঠের উইকেটে কখন বাউন্স দিতে হবে কিংবা স্লোয়ার বল ছাড়তে হবে এ নিয়ে তো কখনোই অনুশীলন করেননি মাশরাফী। তবুও দিব্যি মানিয়ে নিচ্ছেন নিজেকে প্রতিটা মুহূর্তে। কি আশ্চর্য! এ যেন যুগ যুগ ধরে অনুশীলন করে তবেই নেমেছেন রাজনীতিতে। সকাল ১০ টায় বের হচ্ছেন বাসা থেকে, ফিরছেন রাত ১টায়। এরপর বিভিন্ন সংগঠনের সঙ্গে মিটিং তো আছেই। তা শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাতের ঘুম শেষ। নড়াইল-২ আসনের বিভিন্ন ইউনিয়নের পথে পথে করছেন পথ-সভা, তাতে দুপুরের খাবারটাও খেতে পারছেন না ঠিকঠাক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে নিজের নির্বাচনী এলাকায় আসতে একটু দেরিই হয়ে গেছে। দেরি হবার কারণটা ইনজুরি। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচেই পড়েছিলেন হ্যামষ্ট্রিং ইনজুরিতে। যার জন্য দৌড়াতে হয়েছে ডাক্তারের কাছে। ২২ ডিসেম্বর ঢাকা থেকে রওয়ানা করেন নড়াইলের উদ্দেশে। আসার পথে মাওয়া ফেরী ঘাট থেকেই শুরু হয় নির্বাচনী কার্যক্রম। এরপর কালনা ঘাট থেকে শুরু হয় পথ-সভা। কালনা থেকে নড়াইল সদর। রাস্তার দু’পাশে উৎসুক জনতার ভিড়। প্রিয় নেতাকে একবার দেখার অপেক্ষা। মাশরাফীর গাড়ির বহরে সব মিলে গাড়ি ছিল সাতটা। কোন গাড়িতে আছেন মাশরাফী? রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষ প্রতিটা গাড়িতেই উঁকি দিয়ে দেখছেন মাশরাফী কোন গাড়িতে আছেন? এদিন পাঁচটা পথ-সভা শেষে জনতার ঢল ঠেলে উঠলেন মামার বাড়িতে। এখানেও নিস্তার মিলল না। এসেই বের হতে হলো পরের দিনের কর্মসূচী ঠিক করার কাজে। চার দিনের কর্মসূচীতে মোট ৯২টি পথ-সভা। গোটা ৬০টি মোটর সাইকেল নিয়ে মাশরাফী বের হলেন অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নিতে। গত ১৭ বছর ধরে যিনি সামলেছেন বাইশ গজ আর ক্রিকেটের প্রেস-কনফারেন্স, তাকে আজ থেকে কথা বলতে হবে হাজারো জনতার মঞ্চে দাঁড়িয়ে! শুরুটা নিজের জন্মস্থান মাইজপাড়া ইউনিয়ন দিয়ে। দুপুরের নিজের চাচার বাসায় খেলেন, খেয়েই মাইজপাড়া স্কুল মাঠে চলে গেলেন জনসভায়। মাঠে অপেক্ষায় থাকা হাজারো জনতার সামনে এদিনও নিজেকে উপস্থাপন করলেন ‘ক্রিকেটার মাশরাফী’ পরিচয়ে। ‘আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। এই মাঠে আমি কত খেলতে এসেছি। জাতীয় দলে খেলার জন্য অনেকদিন এখানে আর আসা হয়নি কিন্তু সেসব স্মৃতি আমি কখনোই ভুলিনি। এবার আমি আপনাদের কাছে এসেছি আপনাদের একজন হয়ে সমৃদ্ধ নড়াইল গড়তে যদি আপনারা চান। প্রধানমন্ত্রী আমাকে আপনাদের সেবা করার জন্য সুযোগ দিয়েছেন, যার জন্য নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন আপনাদের কাছে। আপনার সবাই আমাকে ভোট দিয়ে সেই সুযোগটা করে দিবেন। জয় বাংলা’ মিষ্টি না খাইয়ে ছাড়ছেন না মাশরাফীর নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকে শেষ দিন মিলে মোট চারদিন তার মোটর সাইকেলের বহরে থাকার সুযোগ হয়েছে। তাতে একটা ব্যাপার স্পষ্ট, মাশরাফি কাউকে স্বপ্ন দেখাননি। বলেছেন, আমাকে যদি আপনারা সুযোগ করে দেন তাহলে আমি আমার জান দিয়ে হলেও চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার। নড়াইলের মানুষ যেন চাঁদ হাতে পেয়েছে। পথ-সভা যেন প্রাণের সভা। রাস্তার দু’পাশে মানুষের অপেক্ষা যেন তারই প্রতিফলন। কেউ ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছেন প্রিয় মানুষটিকে পরিয়ে দিতে। কেউবা কাগজ-কলম হাতে দাঁড়িয়ে থামিয়ে দিয়েছেন মোটর-সাইকেলের বহর অটোগ্রাফ নেয়ার জন্য। সে কি উন্মাদনা পথে-পথে। টিভির পর্দায় দেখা মাশরাফীকে একবার দেখার, ছুঁয়ে দেখার প্রত্যাশায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকেও হতাশ করেননি মাশরাফী। এমনও দেখা গেছে, মাশরাফীকে জড়িয়ে ধরে সত্তরোর্ধ বৃদ্ধাও কেঁদে ফেলেছেন। কেউ ছুটে এসেছেন পিঠা নিয়ে। মাশরাফীও সেটি না খেয়ে থাকেননি। জনতার কাছে মাশরাফী বিন মোর্ত্তজা ছুটে গেছেন সাধারণ একজন হয়ে। পাঞ্জাবী, ট্রাউজার, স্যান্ডেল আর একটা পাতলা চাদর তার নিত্য পোশাক। জনতার মঞ্চে দাঁড়িয়েও তিনি নির্ভার। মন খুলে কথা বলছেন মাইক হাতে তবে রাজনীতির কথা নয়। শুনছেন অবহেলিত নড়াইলের মানুষের দুঃখ-দুর্দশার কথাগুলো। ঘুরে দেখেছেন নদী ভাঙনে খতিগ্রস্ত এলাকা। এতকিছুর ভিড়েও মাশরাফী ভুলে যাননি প্রতিপক্ষের কথা। নিজের সঙ্গে থাকা সবাইকে সাবধান করে দেন, আমার প্রতিপক্ষ দল যেন কোনও কারণে হেয় না হয়। প্রতিটা ইউনিয়নের নেতা-কর্মীদের উদ্দেশ্যেও একই কথা, তারাও কারো ভাই-বন্ধু। তাদের দিকে খেয়াল রাখবেন যেন, তাদের কোনও ক্ষতি না হয়। এমআর/
কেমন ছিল নির্বাচনের সময়ে মাশরাফীর দিনগুলো
অলিম্পিকের মঞ্চ ছেড়ে মুক্তির লড়াই
আজ বলছি শহীদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম মিরাজ উদ্দিন আমার শ্রদ্ধেয় কাকার কথা। আদি বড়ি, পুরাতন পাকা মসজিদ পাঞ্জনখাড়া গড়পাড়া মানিকগঞ্জ  হলেও দাদা মরহুম শরিফ উদ্দিন আহমেদ  হরিরামপুরে বসবাস করছেন। পাকিস্তান অলিম্পিকে স্বর্ণজয়ী বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বলতম অ্যাথলেট শহীদ বীর মুক্তিযোদ্ধা মিরাজউদ্দিন বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছেন। বিজয়ের ৪৯ তম বর্ষে জাতীয়ভাবে তো নয়ই; তার জন্মভূমি মানিকগঞ্জেও আলাদা করে কেউ তাকে স্মরণ করেনি । মানিকগঞ্জ  স্টেডিয়ামের নামফলকে শহীদ তপনের সঙ্গে যৌথভাবে অঙ্কিত আছে তার নাম ‘শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম’ প্রাপ্তি এটুকুই। প্রবীণেরা মোটামুটি চিনলেও এ প্রজন্মের যারা স্টেডিয়ামে আসেন, তারা মিরাজ নামটাই শুধু জানে। এর বেশি কিছু জানে না। তারা জানে না মিরাজের বর্ণাঢ্য খেলোয়াড় জীবন বা যোদ্ধা জীবনের এক বর্ণও। জানাবার কোনও উদ্যোগও নেই। ১৯৪৮ সালের ১১ মার্চ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাটিকান্দা গ্রামে জন্মেছিলেন তিন। স্বাধীনতাপূর্ব সময়ের সেরা ক্রীড়াবিদ এ.কে.এম. মিরাজউদ্দিন (আলোক)। মাত্র ১১ বছর বয়সে হারিয়েছিলেন বাবা শরীফ উদ্দিন আহমেদকে। মা মরহুমা হাজেরা খাতুন তাকে বড় করেছেন মানুষের মতো করে। মিরাজের লেখাপড়ায় হাতেখড়ি হরিরামপুরের লেছরাগঞ্জ প্রাইমারি স্কুলে। প্রাইমারি পেরিয়ে তিনি ভর্তি হন হরিরামপুরে পাটগ্রাম অনাথবন্ধু হাইস্কুলে। সেখান থেকে অষ্টম শ্রেণী পাশ করে ভর্তি হন ঢাকার নবকুমার ইন্সটিটিউটে। এরপর জগন্নাথ কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অসাধারণ গড়নের সুদর্শন মিরাজের ক্রীড়া খ্যাতি ঝলসে উঠেছিল স্কুল জীবনেই। তার প্রিয় ইভেন্ট ছিল পোলভল্ট, হার্ডলস এবং লং জাম্প। ১৯৬৩ সালে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে এ তিনটি ইভেন্টে প্রথম হয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলেন মিরাজ। ১৯৬৪ সালে লাহোরে অনুষ্ঠিত প্রাদেশিক ক্রীড়া প্রতিযোগিতায়ও ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ১৯৬৫ সালে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকার জগন্নাথ কলেজের হয়ে ১১০মিটার হার্ডলস, পোলভল্ট এবং লং জাম্পে নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেছিলেন। ১৯৬৬ সালে লাহোরে অনুষ্ঠিত দশম পাকিস্তান অলিম্পিকে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন মিরাজ। পোলভল্টে পাকিস্তান অলিম্পিক রেকর্ড করে তৎকালীন পূর্বপাকিস্তানের বাঙালি খেলোয়াড়দের মধ্যে মিরাজই একমাত্র স্বর্ণপদক ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। বিস্ময়ের বিষয় ছিল মিরাজ ১২ ফুট ২ ইঞ্চি উচ্চতা অতিক্রম করেছিলেন বাঁশের পোল (লম্বা লগা) দিয়ে। সে সময়ের পাকিস্তান দলের অ্যাথলেটিক্স কোচ জার্মানির হফম্যান বলেছিলেন ‘এই ছেলেটি একটি ফাইবার পোল পেলে এশিয়ান গেমসের রেকর্ডও ভাংতে পারবে।’ বাঁশের পোল দিয়ে মিরাজের গড়া সেই রেকর্ড বহুবছর কেউ ভাঙতে পারেনি। ১৯৭০ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় এ তিনটি ইভেন্টে প্রথম হয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলেন মিরাজউদ্দিন। একই বছর করাচি হকি ক্লাব মাঠে অনুষ্ঠিত দ্বাদশ পাকিস্তান জাতীয় গেমসে তৎকালীন পূর্ব পাকিস্তান ক্রীড়াদলের পতাকা হাতে মার্চপাস্টের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের সেরা অ্যাথলেট হিসেবে মিরাজকে স্বীকৃতি দিয়েছিল। শুধু ক্রীড়াঙ্গনেই নিজেকে আটকে রাখেননি মিরাজ। অসাধারণ জনপ্রিয়তা আর বন্ধু বাৎসল্য দিয়ে রাজনীতির মাঠও জয় করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র মিরাজউদ্দিন ১৯৭০ সালে ছাত্রলীগের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হলের ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে অংশগ্রহণের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তার আগেই ঝাঁপিয়ে পড়তে হয় মুক্তির লড়াইয়ে । ২৫ মার্চের কালোরাত্রি সব কিছু উল্টে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়  হলসহ  শহরে অলিগলির নির্বিচার গণহত্যার শিকার হয়। কালমাত্র বিলম্ব না করে ঢাকা ছেড়ে পালিয়ে আসেন হরিরামপুর গ্রামে মায়ের কাছে। গ্রামে বসে সংগঠিত করতে থাকেন তরুণদের। মুক্তির লড়াই করতে হবে। এপ্রিলের প্রথম সপ্তাহের শেষ দিক। খবর আসে মানিকগঞ্জ ছেড়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে হরিরামপুরে ঘাঁটি গেড়েছেন মানিকগঞ্জের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ক্যাপ্টেন (অব.) আব্দুল হালিম চৌধুরী। বিধবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সোজা মুক্তিবাহিনীর ক্যাম্পে ক্যাপ্টেন হালিমের কাছে হাজির হয়ে যান মিরাজ। পোলভল্টের বাঁশের পোল ধরা হাতে আঁকড়ে ধরেন অস্ত্র। একটির পর একটি গেরিলা যুদ্ধ। আসতে থাকে জয়। যুদ্ধকালীন সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার তবারক হোসেন লুডু ভাইয়ের নেতৃত্বে মানিকগঞ্জের সিংগাইরে ঘটে ঐতিহাসিক গোলাইডাঙ্গা যুদ্ধ। ১৯৬৬ সালে লাহোর স্টেডিয়ামে পোলভোল্টরত মিরাজ উদ্দিন টাইগার লোকমান, নবাবগঞ্জের মনসুর আর মিরাজ কাকাদের মরণপণ হামলায় নিহত হয় ৮১ জন খান সেনা। ২ নভেম্বর ১৯৭১। যুদ্ধজয়ের নেশায় উন্মত্ত মিরাজদের উপর দায়িত্ব পড়ে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরি ব্রিজ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার। রাতের আঁধারে শুরু হয় অপারেশন কিন্তু বিধিবাম। ব্রিজে ডিনামাইট বসাতে গিয়ে পাকবাহিনীর হাতে ধরা পড়ে যান মিরাজ। তাকে চিনতে দেরি হয়নি হানাদারদের, বন্দী মিরাজকে মানিকগঞ্জের ক্যাম্পে না নিয়ে পাঠিয়ে দেয়া হয় ঢাকার আর্মি হেড কোয়ার্টারে। এখানে জিজ্ঞাসাবাদের নামে চলে নির্মম নির্যাতন। হাজারও নির্যাতনের মুখে মিরাজের কাছ থেকে সহযোদ্ধাদের খবর বের করতে পারেনি তারা। এরই এক পর্যায়ে আহত মিরাজকে দেখানো হয় পাকিস্তান টেলিভিশনে। পরিচয় করিয়ে দেওয়া হয় দুষ্কৃতি হিসেবে। জোর করে বলানো অনেক কথা। তারপর তাকে পাঠিয়ে দেয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ১৭ ডিসেম্বর স্বাধীনতার আনন্দে উদ্বেল, স্বর্ণরাঙা সকালে মিরাজের ভাইসহ পরিবারের সবাই ছুটে যান কেন্দ্রীয় কারাগারে। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের কাছে নির্মম সত্যটি জানিয়ে দেন-মিরাজ তাদের কাছে নেই। ৮ ডিসেম্বর সকালে আলবদর বাহিনীর পরিচালক মেজর মোস্তাক ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মিরাজকে মুক্ত করে পাকবাহিনীর জিপে করে তুলে নিয়ে যায়। এরপর থেকে আজও তার কোনও খোঁজ মেলেনি। আলবদর বাহিনী ক্রীড়াঙ্গনের এই নক্ষত্রকে চিনতো বলেই তাকে নিভিয়ে দেওয়ার কথা ভুলেনি। পাকিস্তান আমলে মিরাজের মত উজ্জ্বল নক্ষত্র ক্রীড়াঙ্গনে খুব বেশি ছিল না। যাকে নিয়ে আজ ১৭ কোটি বাঙালি গর্ব করতে পারতো। সেই গর্বের মিরাজ আজ তার রক্তে স্বাধীন ভূমিতেই বিস্মৃত এক অতীত। শহীদ মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদ হিসেবে।  উল্লেখ্য যে শহীদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম মিরাজ উদ্দিন এর আপন ছোট ভাই ছিলেন  বীর মুক্তিযোদ্ধা  এ কে এম সিরাজ উদ্দিন মিলন।  এ কে এম সিরাজ উদ্দিন মিলন ২০১৬ সালে ইন্তেকাল করেন। মানিকগঞ্জ টাউনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়।  সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করছি । সেই সাথে সকল বীর মুক্তিযোদ্ধাদের জানাই শ্রদ্ধা, সালাম এবং বিজয়ের শুভেচ্ছা । লেখক শহীদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম মিরাজ উদ্দিনের চাচাতো ভাতিজা ওয়াই
অলিম্পিকের মঞ্চ ছেড়ে মুক্তির লড়াই
করোনার দ্বিতীয় ঢেউ ও আমাদের করণীয়
গোপাল অধিকারী গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। করোনা বাংলাদেশে জোরালো প্রভাব না ফেললেও পূর্ব সতর্কতা বর্তমান পরিসংখ্যানও লোপ করে দিতে পারত বলে মনে করেন অনেকে।  শীতকালে করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিনের করোনা জনজীবনে একটি অভিশাপে পরিণত হয়েছে। এই ভাইরাসটি সামাজিক, রাজনৈতিক, অর্থনীতি ও শিক্ষা সকল কিছুর উপরই প্রভাব বিস্তার করেছে। তাপমাত্রা ওঠানামার সাথে ভাইরাসের সরাসরি সম্পর্ক না থাকলেও নানা কারণে বাড়তে পারে সংক্রমণ, বলছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা কমলে বারবার স্নান করা বা ঘন ঘন কাপড় ধোয়ার প্রবণতা কমবে। ফলে সংক্রমণের সম্ভাবনা বাড়তে পারে। এছাড়া শীতে রোদ কম থাকলে শরীরে ভিটামিন ‘ডি’-এর জোগান কমে যায়। ফলে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। করোনার ভ্যাকসিন এখনও বাজারে আসেনি। পরীক্ষা-নিরীক্ষা চলছে বিশ্বজুড়ে। ফলে সাবধানতা অবলম্বন করা ছাড়া সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই। এ পরিস্থিতিতে শীতকাল কতটা উদ্বেগের হয়ে উঠতে পারে? সমীকরণে দেখা যায়, গত কয়েকদিনের ব্যবধানে করোনা সংক্রমণের ও মৃত্যুর পরিসংখ্যান বাড়ছে। গত ২৪ নভেম্বর পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫১৯৯০ জন, মৃত্যু ৬৪৪৮ জন, মোট সুস্থ ৩৬৬৮৭৭ জন এবং মোট পরীক্ষা হয়েছে ২৬৮০১৪৯ জনের। গত ২৩ নভেম্বর করোনায় আক্রান্ত হয়েছেন ২৪১৯ জন আর মৃত্যু হয়েছে ২৮ জন, ২২ নভেম্বর করোনায় আক্রান্ত হয়েছেন ২০৬০ জন আর মৃত্যু হয়েছে ৩৮ জন, ২১ নভেম্বর মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৪৭ জন আর মৃত্যু হয়েছে ২৮ জন, ২০ নভেম্বর সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন ২২৭৫ জন আর মৃত্যু হয়েছে ১৮ জন, ১৯ নভেম্বর রবিবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৬৪ জন আর মৃত্যু হয়েছে ৩০ জন। তাতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি কিন্তু সরকারি তৎপরতা ও শুদ্ধি অভিযান নেই প্রথমকার মতো। এখন জনসাধারণের অবাধ চলাফেরায় মনে হয় করোনা নেই দেশে।  করোনাভাইরাসের আরেকটি ধাক্কা আসছে বলে শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, প্রথমবারের অভিজ্ঞতা দিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতেও বলেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে চললে দ্বিতীয় ধাক্কা সামলানো সম্ভব বলে আশা প্রকাশ করেছেন সরকারপ্রধান। গত রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জে তিনটি সেতু উদ্বোধনকালে বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও জানান, মহামারির এই প্রকোপের মধ্যে মানুষকে সুরক্ষা দেওয়াই সরকারের লক্ষ্য।  ইতোমধ্যে সংক্রমণের ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে সরকার। মাস্ক ব্যবহারের পাশাপাশি মানুষকে সচেতন করার কাজে যুক্ত হওয়ার জন্য সরকার ইতোমধ্যে মাঠ প্রশাসনকে নির্দেশও দিয়েছে। ‘নো মাস্ক, নো সার্ভিস’, অর্থাৎ মাস্ক না পরলে সেবা নেই এই প্রতিপাদ্য নিয়ে সরকার করোনাবিরোধী প্রচারণা চালাতে যাচ্ছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য কোয়ারেন্টিনের আয়োজন করতে সারা দেশের সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে প্রচারণা জোরদার করার কাজও শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ, বিশ্বের বেশ কিছু দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর দ্বিতীয় দফায় সংক্রমণ দেখা দিয়েছে, এই পরিস্থিতি বিশেষভাবে সৃষ্টি হয়েছে ইউরোপে। সেখানে কোনো কোনো শহর বা অঞ্চলকে নতুন করে লকডাউন বা অবরুদ্ধ করা হচ্ছে। কথায় বলে, ন্যাড়া বেলতলায় একবারই যায়। তাই আমার মতে পূর্বের ভুল আবার করলে সঠিক হবে না বরং পূর্বের অভিজ্ঞাকে কাজে লাগাতে হবে। করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেই সকল ফ্লাইট বন্ধ করে দিতে হবে। পুরো ঢাকাকে আগে নিরাপদ করা প্রয়োজন। সাথে যে সকল জেলাতে সংক্রমণ বাড়বে সেই সকল জেলাকে লকডাউনের আওতায় আনা জরুরি।   যে কোনো বিষয়ে করণীয় কিছু থাকে। করণীয় কাজ বা সতর্কতা কখনও ক্ষতি করে না। সঙ্কটের সময়ে আতঙ্কিত না হয়ে বরং স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে ও আশেপাশের মানুষকে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সাবান ও পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে বলা হয়েছে ডব্লিউএইচওর নির্দেশনায়। এছাড়া মাংস ও ডিম অবশ্যই যথাযথ তাপে ও ভালোমতো রান্না করে খেতে বলা হয়েছে। হাঁচি ও কাশির সময় অবশ্যই হাত বা টিস্যু দিয়ে মুখ ও নাক ঢেকে রাখতে হবে। এরপর টিস্যু ফেলে দিতে হবে এবং অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। যে কোনো অসুস্থ ব্যক্তির সেবা করার পর হাত ধুতে হবে। কোনো প্রাণির যত্ন নিলে বা স্পর্শ করলে ও প্রাণিবর্জ্য ধরার পরও হাত ধুতে হবে। শরীরে যে কোনো সংক্রমণ এড়াতে রান্না ও খাওয়ার আগে ও পরে হাত ধুয়ে নিতে হবে। নিজের পাশাপাশি অন্যকে সুরক্ষিত রাখতে করণীয় সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। ব্যবহার করা টিস্যু খোলা ঝুড়ি বা ডাস্টবিনে না ফেলে ঢাকনা রয়েছে এমন ঝুড়িতে ফেলতে হবে। হাতে গ্লাভস না পরে বা নিজে সুরক্ষিত না থেকে কোনো অসুস্থ ব্যক্তির মুখ ও দেহ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। একইভাবে গবাদিপশু ও বন্যপশুকে ধরার আগেও নিজেকে সুরক্ষিত রাখতে হবে। রান্নাঘরের কাজেও বিশেষ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছে। কাঁচা মাংস, সবজি, রান্না করা খাবার কাটার জন্য ভিন্ন চপিং বোর্ড ও ছুরি ব্যবহার করতে হবে। কাঁচা মাংস, সবজি ও রান্না করা খাবার হাতে ধরার আগে অবশ্যই প্রত্যেকবার হাত ধুয়ে নিতে হবে। রোগে ভুগে মারা যাওয়া বা অসুস্থ প্রাণীর মাংস একেবারেই খাওয়া চলবে না। তবে রোগের প্রাদুর্ভাব রয়েছে এমন এলাকাতেও উপযুক্ত তাপে ও ভালোভাবে সিদ্ধ করা মাংস খেলে ঝুঁকি নেই। কাঁচা বাজারে গিয়ে কোনো প্রাণী ও প্রাণীর মাংস হাতে ধরলে দ্রুত হাত ধুয়ে ফেলতে হবে। কাঁচা বাজারে অবস্থানের সময় অযথা মুখে-চোখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। কাজের জায়গাটি দিনে অন্তত একবার হলেও পরিষ্কার বা জীবাণুমুক্ত করতে হবে। পরিধেয়টি অবশ্যই প্রতিদিন বদল করতে হবে এবং ধুতে হবে। সংক্রমণ এড়াতে হাতে গ্লাভস ব্যবহার করা ভালো। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কের মধ্যে ভ্রমণ বিষয়েও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদি জ্বর-সর্দি অনুভূত হয়, তাহলে যে কোনো ভ্রমণ বাতিল করাই ভালো। পাশাপাশি চিকিৎসকের শরণাপন্ন হয়ে স্বাস্থ্যপরীক্ষা ও ওষুধ খেতে হবে। জ্বরে আক্রান্ত হয়েছেন এমন কারো সঙ্গে ঘনিষ্ট হওয়া থেকে বিরত থাকতে হবে। যদি মাস্ক ব্যবহার করা হয়, তবে নাক ও মুখ ভালোভাবে ঢেকে রাখতে হবে। একবার মাস্ক পরলে তা বার বার স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। একবার মাস্ক ব্যবহারের পর ফেলে দিতে হবে। মাস্ক ধরার পর হাতে ধুয়ে নিতে হবে। যদি ভ্রমণের সময় অসুস্থ বোধ হয়, তবে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এর আগে রোগের ইতিহাস থাকলে সেটাও চিকিৎসককে জানাতে হবে। যেখানে সেখানে বা জনসমাগমের স্থানে থুথু ফেলা যাবে না। অসুস্থ প্রাণী ধরা থেকে সতর্ক থাকতে হবে। এই সর্তকতাগুলো মেনে চলতে হবে। এই করণীয় সতর্কগুলো মানতে জনগণকে বাধ্য করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর। এককথায় অভিযান অব্যাহত রাখতে হবে কঠোরভাবে। সরকারের একার পক্ষে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। তবে স্বাস্থ্যবিধি ও করোনা নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হতে হবে। সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায়, মাস্ক ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সতর্ক হতে হবে। নিজ নিজ করণীয় কাজগুলো করলে করোনার দ্বিতীয় ঢেউ জয় করতে পারা অসম্ভব কিছু নয়। আসুন সকলে মিলে করণীয় কাজগুলো নিজেদের প্রয়োজনেই মেনে চলি, করোনামুক্ত জীবন গড়ি। লেখক: সাংবাদিক ও কলামিস্ট
করোনার দ্বিতীয় ঢেউ ও আমাদের করণীয়
তারুণ্যের রক্ত গরম করে দেয়ার মতো বিপ্লবীর নাম ম্যারাডোনা
ম্যারাডোনাকে ভালোবাসার, শ্রদ্ধার প্রধান কারণ তিনি ফুটবলার এজন্য না, তিনি বিশ্বকাপ বিজয়ী কিংবদন্তী এজন্যও না। মূল কারণ ছিলেন তিনি বিপ্লবী, আমাদের তারুণ্যের রক্ত গরম করে দেয়ার মতো বিপ্লবী। তাই তিনি তার ফুটবলকে নিয়ে গিয়েছিলেন বিপ্লবের কেন্দ্রে, দেশপ্রেমের কেন্দ্রে। বর্তমান তারকাদের মতো তিনি ছিলেন না। স্রোতের বিপরীতে চলা আমাদের বাবাদের নায়ক, আমাদের স্বপ্নের নায়ক ছিলেন ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনার জয় যতটা না আনন্দের সাগরে ভাসিয়েছিল তার চেয়ে বেশি আনন্দের ছিল ওই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো। ইতিহাসে যা বিতর্কিত গোল তাই ছিল ম্যারাডোনার ভাষায় ‘হ্যান্ড অব গড’ । কেন আর্জেন্টিনার জয়টি গুরুত্বপূর্ণ ছিল তা নিজেই বলেছিলেন ম্যারাডোনা ‘আই অ্যাম এল ডিয়েগো’-তে। তিনি বলেছিলেন, ১৯৮৬ ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়টি ছিল মূলত ফকল্যান্ড যুদ্ধে হারের প্রতিশোধ। আর্জেন্টিনায় ফকল্যান্ড এখনও স্পর্শকাতর বিষয়। আমাদের পাশের দ্বীপ সেন্টমার্টিন যদি ১৩ হাজার কিলোমিটার দূরের কোনও দেশ জোরপূর্বক দখলে রাখে তখন কেমন লাগবে একবার ভাবুন? আর্জেন্টিনার পাশের দ্বীপ মালভিনাস দখলে নিয়ে ইংল্যান্ড নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলে। রাখে ফকল্যান্ড নামে। সেই ফকল্যান্ড দ্বীপ যা আর্জেন্টাইনরা ডাকে মালভিনাস নামে, দ্বীপটি নিয়ে ভয়াবহ যুদ্ধ বাঁধে  ইংল্যান্ড আর আর্জেন্টিনার মাঝে। সময়টা তখন ১৯৮২ সাল। শীতল যুদ্ধের সময়কার সেই যুদ্ধে লাতিন বিপ্লবের বেলাভূমি লাতিন আমেরিকান দেশ আর্জেন্টিনা হেরে যায় ইংল্যান্ডের, মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ শক্তির কাছে। তরুণ বয়সের ম্যারাডোনা যার বুকে খেলা করে বিপ্লবী চে গুয়েভেরা, ফিডেল ক্যাস্ট্রো তিনি মেনে নিতে পারেননি আর্জেন্টিনার পরাজয়। অবশেষে এলো সেই ১৯৮৬ সালের বিশ্বকাপ। এলো ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার সুযোগ। বুকের ভেতর জমে থাকা ক্ষোভ যেন সব উগড়ে দিলেন ম্যারাডোনা একাই। ফলে ম্যারাডোনা একাই ইংল্যান্ডের অহংকার দুমড়ে মুচড়ে ছিড়ে ফেলে ফকল্যান্ড যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ  নিতে চাইলেন। তারপর যা হলো তা ছিল ইতিহাস। ইতিহাসের রাজপুত্র হয়ে ফুটবল বিশ্বে নিয়ে নিলেন তিনি তার সোনার চেয়ারখানি। জীবনে ও মরণে। বিদায় হে বিপ্লবী বীর ম্যারাডোনা। নত মস্তকে তোমায় সেলাম। লেখক, যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক শিক্ষা বিভাগ, ইউডা
তারুণ্যের রক্ত গরম করে দেয়ার মতো বিপ্লবীর নাম ম্যারাডোনা
ফিজিওথেরাপি কী, কেন দরকার?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর নির্দেশনা অনুযায়ী ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপি হলো এমন একটি চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ স্বাধীন এবং একজন ফিজিওথেরাপি চিকিৎসক স্বতন্ত্রভাবে রোগীর রোগ নির্ণয় করে চিকিৎসাব্যবস্থা প্রদান করতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি (ডব্লিউসিপিটি)-এর মতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক প্রফেশনাল ডিগ্রিধারীরাই ফিজিওথেরাপি চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট এবং স্বাধীনভাবে চিকিৎসা সেবা প্রদান করতে পারেন। ফিজিওথেরাপি  ফিজিও (শারীরিক) এবং থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারীরিক চিকিৎসা। ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এক অন্যতম এবং একটি অপরিহার্য শাখা। শুধু ওষুধ সব রোগের পরিপূর্ণ সুস্থতা দিতে পারে না। বিশেষ করে বিভিন্ন মেকানিক্যাল সমস্যা থেকে যে সব রোগের সৃষ্টি হয়, তার পরিপূর্ণ সুস্থতা লাভের উপায় ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি হলো একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, যেখানে একজন ফিজিওথেরাপিস্ট রোগীর সব কথা শুনে-বুঝে, রোগীকে ভালোভাবে দেখে এবং প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর সঠিক রোগ, আঘাত বা অঙ্গ বিকৃতির ধরন নির্ণয় করে রোগীকে বিভিন্ন ধরনের ফিজিক্যাল মেথড যেমন ম্যানুয়াল টেকনিক, তাপ ও ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা করে থাকেন। সড়ক দুর্ঘটনা, শারীরিক প্রতিবন্ধিতা, বিকলাঙ্গতা, পক্ষাঘাত ও বড় কোনো অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া বিভিন্ন ধরনের বাত, মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, কোমর ও হাঁটুর ব্যথায় এবং স্পোর্টস ইনজুরিতে ফিজিওথেরাপি বিশ্বব্যাপী একটি স্বীকৃত চিকিৎসাব্যবস্থা। ফিজিওথেরাপি’র সূচনা ও বাংলাদেশে এর ব্যাপ্তি ফিজিওথেরাপি চিকিৎসা সাম্প্রতিক কোনো চিকিৎসা ব্যবস্থা নয়। হিপোক্রেটাস সেই প্রাচীন গ্রিসে ম্যাসেজ ও ম্যানুয়াল থেরাপি দ্বারা ফিজিওথেরাপি চিকিৎসার পরিচয় করিয়েছিলেন। খ্রিস্টপূর্ব ৪৬০ সালে হেক্টর ফিজিওথেরাপি চিকিৎসার একটি শাখা ব্যবহার করতেন যাকে বর্তমানে হাইড্রোথেরাপি বলা হয়। যতটুকু জানা যায়, ১৮৯৪ সালে ফিজিওথেরাপি চিকিৎসার বর্তমান ধারা অর্থাৎ ম্যানুয়াল থেরাপি, ম্যানিপুলেটিভ থেরাপি, এক্সারসাইজ থেরাপি, হাইড্রোথেরাপি, ইলেক্ট্রোথেরাপি ইত্যাদি প্রবর্তন করা হয়। নিউজিল্যান্ডে ১৯১৩ এবং আমেরিকাতে ১৯১৪ সালে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু হয়। বাংলাদেশে ফিজিওথেরাপির যাত্রা অনেকদিন পরে। বিশদভাবে ও একাডেমিকভাবে ১৯৭২ সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিদেশি ফিজিওথেরাপিস্ট দ্বারা স্বাধীন বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসার সূচনা হয়। এর পরে ফিজিওথেরাপির ব্যবহার এ দেশে উত্তর উত্তর বাড়তেই থাকে। এর গুরুত্ব উপলব্ধি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা অনুষদের অধীনে স্নাতক ডিগ্রি চালু করা হয়। বর্তমানে নিটোর, সিআরপি, পিপলস্‌ ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, স্টেট কলেজ অব হেলথ সায়েন্সসহ বেশ কয়েকটি ইন্সটিটিউটে ফিজিওথেরাপি গ্রাজুয়েশন কোর্স চালু রয়েছে। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ৯০ হাজার মানুষ ফিজিওথেরাপি চিকিৎসার ওপর নির্ভরশীল। সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ নিয়োগ এবং স্বতন্ত্র কোনো নিয়ন্ত্রক সংস্থা না থাকায় শতকরা প্রায় ৯০ ভাগ সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পায় না এবং অপচিকিৎসার শিকার হন। ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা আমরা যত আধুনিক প্রযুক্তির দিকে এগিয়ে চলছি তত বেশি পরিমাণ স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হচ্ছি। দেখা গেছে শরীরের বিভিন্ন রোগ শুধু ওষুধ দিয়ে নিরাময় করা সম্ভব হয় না। বিশেষ করে যে সব রোগের উৎস বিভিন্ন মেকানিক্যাল সমস্যা, সেসব ক্ষেত্রে ওষুধের ভূমিকা তুলনামূলকভাবে কম। যেমন- বাত, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, আঘাতজনিত ব্যথা, হাড় ক্ষয়জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক, প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া, সেরিব্রাল পালসি, স্পোর্টস ইনজুরি ইত্যাদি। তাহলে এসব রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভের উপায় কী? এ ক্ষেত্রেই চলে আসে ফিজিওথেরাপির কথা। ফিজিওথেরাপি এই সব রোগ থেকে মানুষকে পুরোপুরি মুক্তি না দিতে পারলেও উপশম করে ও উন্নতি হয়। আবু বকর আফরান: (বিএসপিটি চূড়ান্তবর্ষে অধ্যয়নরত) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) জিএ 
ফিজিওথেরাপি কী, কেন দরকার?
আরও পড়ুন
মানিকগঞ্জে পথচারীদের ২০ হাজার মাস্ক বিতরণ
সিনোফার্মের করোনা টিকা অনুমোদন দিলো চীন
করোনায় চব্বিশ ঘণ্টায় মৃত্যু কমলো
উহানের ৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল: গবেষণা