
চীনের হুবেই প্রদেশের উহান শহরের প্রায় ৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।
চীনের সিডিসি উইচ্যাটে এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৩৪ হাজার মানুষের নমুনা পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে। ওই পরীক্ষার অংশ হিসেবে উহান ছাড়াও বৃহত্তর হুবেই প্রদেশ, বেইজিং, সাংহাই এবং আরও চারটি প্রদেশের বাসিন্দাদের নমুনা সংগ্রহ করা হয়।
গবেষকরা উহানের ৪.৪৩ শতাংশ বাসিন্দার শরীরে একটি অ্যান্টিবডি খুঁজে পেয়েছে। আর বৃহত্তর হুবেই প্রদেশে মাত্র ০.৪৪ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। চীন করোনার ‘প্রথম ঢেউ নিয়ন্ত্রণে’ আনার এক মাস পর এই গবেষণা চালানো হয়।
উহানের জনসংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। সেক্ষেত্রে প্রায় ৫ শতাংশ হিসাবে প্রায় ৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে। যদি এই তথ্য সত্য হয়, তাহলে উহানের আনুষ্ঠানিক যে তথ্য রয়েছে তার চেয়ে প্রায় ১০ গুণ বেশি মানুষ আক্রান্ত হয়েছিল।
সরকারি হিসাবে উহানে ৫০ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিল। চীন সরকারের আনুষ্ঠানিক তালিকায় উপসর্গহীন রোগীদের যোগ করা হয়নি। ভাইরাসটির উৎস সন্ধানে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি টিম উহান সফরের ঠিক আগে এই তথ্য প্রকাশ করা হলো।
বেইজিং শুরুতে বিজ্ঞানীদের একটি দলকে উহান যেতে দিতে রাজি হয়নি। এমনকি স্বাধীন তদন্তের ব্যাপারেও অনীহা প্রকাশ করেছে। তবে কয়েক মাসের আলোচনার পর সুর নরম করে চীন। এরই ধারাবাহিকতায় আগামী মাসে উহান যাবে বিজ্ঞানীদের ওই দলটি।
এ/পি




