
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লির লোদী রোডে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় ভারতের ১৩ তম রাষ্ট্রপতিকে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি মেনে পরিবারের অন্য সদস্যরা পিপিই কিট পরে শামিল হয়েছিলেন শেষকৃত্যে।
দিল্লির রাজাজি রোডের বাড়ি থেকে শুরু করে লোদী রোড মহাশ্মশান, সব জায়গায় কোভিড প্রোটোকল মেনে প্রণবের শেষকৃত্য করা হয়। পিপিই কিট পরেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখার্জি। এ ছাড়া কোভিড প্রোটোকল মেনে শ্মশানেও লোকসংখ্যা সীমিত রাখা হয়েছিল।
এর আগে প্রণব মুখার্জির বাসভবনে তার মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ সরকার ও বিরোধী সব দলের রাজনীতিবিদরা।
এর আগে সোমবার বিকেলে ৮৫ বছর বয়সে মারা যান প্রণব মুখার্জি।
গত ৯ আগস্ট বাড়ির টয়লেটে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তারপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়ায় গত ১০ আগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। এর আগে পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। তখন থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।
ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনির সমস্যা রয়েছে প্রণব মুখার্জির। যদিও রোববার হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, প্রণব মুখার্জি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার কিডনির অবস্থার উন্নতি হয়েছে।
২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জী।
এমকে




