
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। টুইটারের এক নারী মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছেন।
ওই খবরে বলা হয়েছে, হ্যাকিংয়ের শিকার হওয়ার আগে অ্যাকাউন্টটি থেকে বেশ কয়েকটি টুইটে ক্রিপ্টোকারেন্সি মুদ্রার মাধ্যমে সাহায্য চাওয়া হয়।
টুইটার মুখপাত্র বলছেন, তারা ঘটনাটির ব্যাপারে সতর্ক ছিল। অ্যাকাউন্টটির নিরাপত্তায় তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু মোদিই নন, গত কয়েক মাসে বারাক ওবামা, জো বাইডেন ও এলন মাস্কসহ খ্যাতিমান অন্তত ১৩০ জনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে কারা এ কাজের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।
টুইটারের মুখপাত্র বিবিসিকে বলেন, “আমরা গুরুত্বের সঙ্গে পরিস্থিতিটা তদন্ত করছি। এই মুহূর্তে আরও কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে কি-না এ ব্যাপারে আমরা অবগত না।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদির অফিশিয়াল যে কয়টি অ্যাকাউন্ট রয়েছে এর মধ্যে টুইটার অন্যতম। গুরুত্বপূর্ণ বিষয়ে হরহামেশাই টুইট করেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত হ্যাকারদের বিষয়ে তথ্যানুসন্ধানের চেষ্টা করছে টুইটার।
এসজে




