
সামুদ্রিক ঝড় ‘ইতা’র প্রভাবে সৃষ্ট বর্ষণ ও ভূমিধসে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার এ খবর জানিয়েছে আল জাজিরা।
গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়াম্মাত্তি জানান, মৃত ব্যক্তিদের বেশিরভাগই সান ক্রিস্টেবাল ভেরাপাজ শহরের। এছাড়াও অন্তত ২০টি বাড়ি কাদা মাটির নিচে চাপা পড়েছে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার হারিকেনের শক্তি নিয়ে পার্শ্ববর্তী নিকারাগুয়ায় আঘাত হানে ‘ইতা’। পরে ঝড়টি শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে গুয়েতেমালায় এগিয়ে যায়।
ঝড়ের পর এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট জানান, তীব্র বর্ষণের কারণে উদ্ধারকর্মীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ভেরাপাজসহ অন্যান্য এলাকায় পৌঁছাতে পারছেন না। সামুদ্রিক এ ঝড়ের কারণে মধ্য আমেরিকার বিভিন্ন দেশে অন্তত ৭০ জনের প্রাণহানি হয়েছে বলে জানায় বিভিন্ন সংবাদমাধ্যম।
এমএস




