
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে যেসব আরব নেতা পরিচিত এবার তারা নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। যদিও এই নির্বাচনের ফল এখনও মেনে নেননি ট্রাম্প। এরপরও আরব মিত্ররা অভিনন্দন জানাতে দেরি করছেন না।
আবু ধাবির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ তার টুইট বার্তায় লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন’।
তিনি আমিরাত ও মার্কিন সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে বাইডেনের আমলে তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
মিশরের স্বৈরশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসিও আগেভাগেই জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। মিশর ও আমেরিকার মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সুযোগ সুবিধা লাভে আগ্রহী হয়ে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়া বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আলে খলিফা জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এক টুইটার বার্তায় জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে, দু দেশের সম্পর্ক আরও উন্নত করার আশা প্রকাশ করেছেন।
ওমানের সুলতান হাইসাম বিন তারিক আস-সাইদ জো বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন।
কুয়েতের আমির, জর্দানের বাদশাহ, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, লিবিয়ার জাতীয় সরকারের প্রধানমন্ত্রী ও আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন জো বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
তবে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছুটা দেরি করেই জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্পের আরেক অন্যতম মিত্র সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এখনও চুপ রয়েছেন।
এমকে




