
ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল ন্যাক্কারজনক এক কাজ করে আলোচনায় এসেছেন। বন্ধুর পানীয়তে ড্রাগ মিশিয়ে তাকে অচেতন করে তার বিদেশি স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই কর্নেলের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের কানপুরের এ ঘটনায় ইতোমধ্যেই ক্যান্টনমেন্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ধর্ষণের শিকার নারীর স্বামী।
ধর্ষণের শিকার নারীর স্বামী বলেন, তার স্ত্রী রাশিয়ার নাগরিক। গত ১০ বছর ধরে ভারতে রয়েছেন। কানপুরে পোস্টিং তার বন্ধুর। লেফটেন্যান্ট কর্নেল থেকে প্রোমোশন পেয়ে কর্নেল হওয়ার আনন্দে গত শনিবার বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই সস্ত্রীক তাকে আমন্ত্রণ জানানো হয়।
তিনি বলেন, কিন্তু কর্নেল বন্ধুর পার্টিতে গিয়ে যে এমন করুণ পরিণতি হবে, তা কল্পনাও করতে পারেননি তারা। ওই ব্যক্তির অভিযোগ, তার ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে অচেতন হয়ে পড়েন তিনি। আর সেই সুযোগেই তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এমনকি ধর্ষণে বাধা দেয়ার চেষ্টা করলে নাকি স্ত্রীকে মারধরও করা হয়।
এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একজন কর্নেল যে এমন ঘটনা ঘটাতে পারেন অনেকে সেটা বিশ্বাসই করতে পারছেন না। তবে বিলম্ব না করে বন্ধুর এমন অপরাধের কথা পুলিশকে জানান নির্যাতিতার স্বামী।
এসপি (ইস্ট) রাজ কুমার আগরওয়াল বলেছেন, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ওই কর্নেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। একাধিক দল গঠন করে অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ/পি




