
লেবাননে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের একটি ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে লেবাননের বন্দর নগরী তাইরির বুর্জ আল শেমালি ক্যাম্পে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নিরাপত্তা বাহিনী কাজ শুরু করেছে।
এদিকে নিরাপত্তা বাহিনীর আশঙ্কা, ক্যাম্পে হামাসের অস্ত্র মজুদ ছিল এবং সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও হামাস-ঘনিষ্ঠ ফিলিস্তিনি বার্তা সংস্থা শেহাব নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, করোনা রোগীদের ব্যবহারের জন্য রাখা অক্সিজেন ক্যানেস্টারের গোডাউন থেকে এ বিস্ফোরণ হয়েছে।
উল্লেখ্য, লেবাননে বহুদিন ধরে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু এবং তাদের বংশধরদের আবাসস্থল। এদের অনেকে দেশটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১২টি শরণার্থী ক্যাম্পে বসবাস করেন। হামাস-ফাতাহসহ একাধিক সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী এসব ক্যাম্প নিয়ন্ত্রণ করে। সেখানে লেবানিজ কর্তৃপক্ষ প্রবেশ করে না বললেই চলে। সূত্র: আলজাজিরা, রয়টার্স
আরএ/এসকে




