
প্রত্যেক জাতীয় নির্বাচনেই সেনাবাহিনী মোতায়েন থাকে। এটা একটা বাস্তবতা। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত নেইনি। তবে সময়মতো সেনা মোতায়েনের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্যও নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত নয় বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে দেশকে সুষ্ঠু জাতীয় নির্বাচনের বার্তা দেয়া হবে। স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে করে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের পথে যাত্রা শুরু করছে।
সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেছেন, আগামী নির্বাচনে সেনা মোতায়েন হবে। তবে কোন প্রক্রিয়ায় হবে, তা এখনো ঠিক হয়নি।
পরদিন মঙ্গলবার সিইসি বাসসকে বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়নি।
নির্বাচন কমিশনারদের এ ধরনের বক্তব্যে নিজেদের বিভক্তি ফুটে উঠছে কি না, এ প্রশ্নের জবাবে সিইসি সাংবাদিকদের বলেন, বিভক্তির কারণ নেই। উনি (মাহবুব তালুকদার) হয়তো বলেছেন। উনি কিন্তু বলেছেন, এটা কমিশনের সিদ্ধান্ত না।
নূরুল হুদা আরো বলেন, মাহবুব তালুকদার মনে করেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন হবে, এটা তার ব্যক্তিগত মত। কমিশনের সভার বরাত দিয়ে তিনি এ কথা বলেননি।
এমকে




