
মাংসাশী পোকার ভয়াবহ আক্রমণে বিপর্যস্ত প্রাণীজগৎ। গৃহপালিত পশু থেকে শুরু করে বন্যপ্রাণী পর্যন্ত রেহাই পাচ্ছে না এই হিংস্র স্ক্রুওয়ার্মের হাত থেকে। এমনকী, মানুষের দেহেও আক্রমণ চালাতে পারে এই পোকা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, এবার অভিনব কৌশলে পাল্টা প্রতিরোধে নামছে যুক্তরাষ্ট্র। কয়েক কোটি জীবাণুমুক্ত পুরুষ মাছি ‘এয়ারড্রপ’ করে এই প্রাণঘাতী পোকার বংশ ধ্বংসের পরিকল্পনা নিয়েছে মার্কিন কৃষি বিভাগ।
বিখ্যাত সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুসারে, স্ক্রুওয়ার্ম নামের এই পোকাটির লার্ভা গবাদিপশুর শরীরের ক্ষতস্থান বা শ্লেষ্মাযুক্ত অংশে স্ত্রী মাছি ডিম পাড়ে। ডিম থেকে জন্মানো লার্ভা মাংস খেতে শুরু করে, আর কয়েক সপ্তাহেই পুরো পশুকে মেরে ফেলার মতো ক্ষমতা রাখে। মার্কিন ভেটেরিনারি অ্যাসোসিয়েশন বলছে, মাত্র ১৪ দিনেই একটি পূর্ণবয়স্ক গরুকে মেরে ফেলতে সক্ষম এই লার্ভা।
এই ভয়াবহ পরিণতি রোধে বেছে নেওয়া হয়েছে জীবাণুমুক্ত পতঙ্গ ব্যবহার পদ্ধতি। পানামার একটি বিশেষ কেন্দ্রে সপ্তাহে তৈরি হচ্ছে ১১ কোটির বেশি জীবাণুমুক্ত পুরুষ মাছি, যেগুলিকে বিমান থেকে মেক্সিকো ও দক্ষিণ টেক্সাসের আকাশে ফেলে দেওয়া হবে। লক্ষ্য, স্ত্রী স্ক্রুওয়ার্ম মাছির সঙ্গে এই জীবাণুমুক্ত পুরুষদের সঙ্গম ঘটানো, যাতে ডিম নিষিক্ত না হয় এবং নতুন লার্ভা জন্ম না নিতে পারে।
১৯৬২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই কৌশল ব্যবহার করে সফলভাবে স্ক্রুওয়ার্ম নির্মূল করেছিল। তখন ব্যবহার করা হতো বিশেষ কাগজের কাপ ‘হুইজ প্যাকার’। এবার প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে আরও নিখুঁত পদ্ধতিতে মাছিদের ছড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে, সম্প্রতি মেক্সিকো-গুয়াতেমালা সীমান্তে একটি এয়ারড্রপ মিশনে দুর্ঘটনায় আহত হন তিনজন, ফলে এবারে ‘মাছি ক্রেট’ বিমান থেকে ফেলার পদ্ধতি পুনর্বিবেচনা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতিই সবচেয়ে নিরাপদ, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিদ অধ্যাপক এডউইন বার্গেস বলছেন, রাসায়নিক ব্যবহার করলে তার প্রভাব পশুর মাংসে পড়ে এবং তা মানুষ খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। জীবাণুমুক্ত পতঙ্গ ব্যবহার সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়।
কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যাসান্দ্রা ওল্ডস আরও বলেন, স্ত্রী স্ক্রুওয়ার্ম মাছিগুলো ডিম পাড়ার আদর্শ পরিবেশ খুঁজে নেবেই। ফলে একমাত্র উপায়, একটা বড় পরিসরে জীবাণুমুক্ত পুরুষ মাছির কলোনি গড়ে তোলা এবং তাদের প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি রুখে দেওয়া।
প্রাণিজগৎকে ভয়াবহ স্ক্রুওয়ার্মের হাত থেকে রক্ষা করতে এই অভিনব ‘মাছি সৈন্য’ অভিযান এখন বৈজ্ঞানিক দৃষ্টিতে এক বড় লড়াইয়ের নাম। প্রমাণিত পুরনো কৌশলকে নতুনভাবে প্রয়োগ করে আবারও কী সফল হবে আমেরিকা? সেটাই এখন সময়ের অপেক্ষা।
আরটিভি/এসকে




