
সাতসকালে ইসরায়েলের আকাশে হুতি যোদ্ধাদের হামলার আশঙ্কায় বেজে ওঠে সাইরেন। মঙ্গলবার (৫ আগস্ট) ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া ও টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রটি সনাক্ত করা হয়েছে এবং তা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হামলার পরপরই যেসব এলাকায় সতর্কতা সাইরেন বেজেছে, সেখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া বাসিন্দাদের নিরাপদে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে হোম ফ্রন্ট কমান্ড।
এর আগে সোমবার (৪ আগস্ট) ইয়েমেন থেকে ইসরায়েলের সামরিক অবস্থানে হামলার দাবি করে হুতি গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের তেল আবিব, আশকেলন ও হাইফা শহর লক্ষ্য করে তিনটি ড্রোন পাঠানো হয়।
তবে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। বাকি দুটি ড্রোনের ব্যাপারে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।
সম্প্রতি গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েলকে ‘সিয়োনি শত্রু’ আখ্যা দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আরটিভি/এসকে




