প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:৪৮ এএম


রাগাসা
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সুপার টাইফুন ‘রাগাসা’ প্রবল শক্তি নিয়ে ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। ঝড়ের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) ইয়াহু নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাইফুনটি দেশটির বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। ফিলিপাইনে এ ঝড়কে ‘নান্দো’ নামে ডাকা হচ্ছে।

রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত টাইফুনটির কেন্দ্রীয় অংশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ১৮৫ কিলোমিটার। দমকা হাওয়ায় এ গতি বেড়ে ২৩০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় হাউলিয়েন এলাকা থেকে অন্তত ৩০০ জনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে টাইফুনের গতিপথ অনুযায়ী এ সংখ্যা আরও বাড়তে পারে। আজ রাতে তাইওয়ানে স্থল টাইফুন সতর্কতা জারি হতে পারে এবং মঙ্গলবার সকাল নাগাদ উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও জানিয়েছেন, টাইফুনের প্রভাবে উত্তর লুজন দ্বীপে প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। রাজধানী ম্যানিলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে ইতোমধ্যে দুর্নীতিবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission