
ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচের আগে স্বাগতিক ইতালির উত্তরাঞ্চলীয় শহর উদিনেতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় একটি শান্তিপূর্ণ মিছিলের শেষে এই সহিংসতার ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, ফ্রিউলি স্টেডিয়ামে রাত ৯টায় ম্যাচ শুরুর আগে বিকেলে শহরের কেন্দ্রস্থলে মিছিলটি শেষ হয়। বিক্ষোভকারীরা ১৮ মিটার লম্বা ফিলিস্তিনি পতাকা এবং ইসরায়েলকে লাল কার্ড দেখাও স্লোগান লেখা একটি বিশাল ব্যানার বহন করে প্রতিবাদ জানায়।
রয়টার্স জানায়, শান্তিপূর্ণ মিছিল থেকে আকস্মিকভাবে কিছু বিক্ষোভকারী দাঙ্গা-বিরোধী পুলিশকে লক্ষ্য করে আতশবাজি এবং ভিড় নিয়ন্ত্রণের বাধা নিক্ষেপ করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ মিছিলের দিকে জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে।
সংঘর্ষের ঘটনায় ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআই টিভির একজন সাংবাদিক পাথরের আঘাতে আহত হয়েছেন। এ ছাড়া আনসা সংবাদ সংস্থা জানিয়েছে, সংঘর্ষে আরও একজন সাংবাদিক এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
উদিনের মেয়র আলবার্তো ফেলিস ডি টনি এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আজ রাতে যা ঘটেছে তা অগ্রহণযোগ্য।
বিক্ষোভের আয়োজক কমিটি ফর প্যালেস্টাইন উদিন কর্তৃপক্ষ ফিলিস্তিনি ভূখণ্ডে দখল নীতি সমর্থন করার অভিযোগে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রতি ইসরায়েলকে সমস্ত প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।
এদিকে, মাঠের খেলায় ইতালি ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে তাদের ছিটকে দেয়।
আরটিভি/এআর




