
সাধারণ কাপড় নয়, পুরুষদের গোঁফ ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি বিশেষ স্যুট। প্রায় চার বছর আগে নভেম্বর মাসে পুরুষদের স্বাস্থ্য সচেতনতার মাস হিসেবে পরিচিত মোভেম্বর উপলক্ষে অস্ট্রেলিয়ায় বানানো হয় এই অনন্য প্রতীকী স্যুটটি, যা এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর স্বীকৃতি পেয়েছে বিশ্বের প্রথম গোঁফের তৈরি স্যুট হিসেবে।
এই স্যুটের প্রতিটি তন্তু এসেছে হাজারো পুরুষের গোঁফ থেকে। ক্যানসার কিংবা মানসিক সমস্যার সঙ্গে লড়াই করা পুরুষরা এই উদ্যোগে নিজেদের গোঁফ দান করেন। কালো সুতি ও পাতলা কাপড়ের মাঝে স্তরে স্তরে গোঁফ বসিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে স্যুটটি। অপচয় রোধ করতে গোঁফের পাশাপাশি সাসটেইনেবল সেলুনস নামের একটি অস্ট্রেলীয় প্রতিষ্ঠানের সংগৃহীত কেটে ফেলে দেওয়া চুলও এই নির্মাণে ব্যবহার করা হয়, যা এটিকে একটি পরিবেশবান্ধব উদ্যোগে পরিণত করেছে।
এই ব্যতিক্রমী নকশার নেপথ্যে ছিলেন অস্ট্রেলীয় শিল্পী পামেলা ক্লেম্যান-পাসি। তিনি ২০১৬ সালে ক্যানসারে প্রয়াত হওয়া তার স্বামী পাসি জো-এর স্মৃতিতে এই স্যুটটি উৎসর্গ করেন। তার আবেগ ও ভাবনাকে বাস্তবে রূপ দিতে সঙ্গে কাজ করেছে বুলফ্রগ ক্রিয়েটিভ এজেন্সি ও ফ্যাশন ব্র্যান্ড পলিটিকস। এছাড়া, মাস্টার টেইলর নিকোস মানোলিস এবং প্যাটার্ন মেকার মাইকেল টেলিস পুরো কাজে সহায়তা করেছেন।
স্যুটটি প্রথম প্রদর্শিত হয় অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি শো দ্য টুডে শো-তে। এরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার ঝড় তোলে। স্যুটের ভেতরের আস্তরণে লেখা আছে এক অনুপ্রেরণামূলক বার্তা, পরীক্ষা করাও, খোলামেলা কথা বলো, নিজের শরীরের কথা শোনো, যা পুরুষদের নিজেদের স্বাস্থ্য নিয়ে যত্নশীল হওয়ার কথা মনে করিয়ে দেয়।
আরটিভি/এআর




