
টানা ছয় বছরের অধ্যবসায়! নাছোড়বান্দা মন নিয়ে এক সেট লটারির নম্বরেই বিশ্বাস রেখেছিলেন উত্তর ক্যারোলিনার বাসিন্দা বারবারা মুনফোর্ড। অসামান্য ধৈর্য আর বোনের ভরসায় শেষমেশ ভাগ্য খুলে গেল এই বৃদ্ধার। সম্প্রতি ক্যাশ ফাইভ লটারিতে ১ লাখ ৫৪ হাজার ১৬৮ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকার বেশি)-এর বাম্পার জ্যাকপট জিতেছেন তিনি।
নর্থ ক্যারোলিনা এডুকেশন লটারি জানিয়েছে, বারবারা মুনফোর্ড বছরের পর বছর ধরে একই সেট নম্বর বিশ্বাস করে খেলছিলেন। তার টিকেটটি সম্প্রতি বিজয়ী নম্বরগুলোর সঙ্গে মিলে যায়। পেশায় শিক্ষিকা এবং চার নাতি-নাতনির দাদি বারবারা মুনফোর্ড টানা ছয় বছর ধরে একই নম্বরের টিকেট কিনছিলেন। তিনি লটারি জিতে বোনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বোনের বিশ্বাস এবং পরামর্শের কারণেই তিনি একই নম্বর খেলা চালিয়ে গিয়েছিলেন। আমার বোন আমাকে একই নম্বর খেলতে বলেছিল এবং সে বলেছিল তুমি একদিন জিতবেই।
মুনফোর্ড আরও জানান, সোমবারের ড্রয়ের নম্বরগুলো মধ্যরাতে পরীক্ষা করার সময় তিনি এতটাই উচ্ছ্বসিত ও আবেগপ্রবণ হয়ে পড়েন যে, আনন্দে কান্নাজুড়ে দেন। তিনি হোপ মিলস-এর লকি স্টপ থেকে তার ভাগ্যবান ১ ডলার মূল্যের টিকেটটি কিনেছিলেন। এই লটারি জেতার সম্ভাবনা ছিল ৯ লাখ ৬২ হাজার ৫৯৮-এ মাত্র ১।
মঙ্গলবার(১১ নভেম্বর) মুনফোর্ড তার পুরস্কারের অর্থ গ্রহণ করেন। সব ধরনের ফেডারেল এবং রাজ্য কর কাটার পর তার হাতে এসেছে ১ লাখ ১০ হাজার ৬১৬ ডলার।
আরটিভি/এআর




