চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের চাংশা এলাকায় একটি মাছের পুকুরের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পুকুরের মালিক জানিয়েছেন, তিনি তার পুকুরের মাছকে প্রতিদিন প্রায় ৫ হাজার কেজি মরিচ খাওয়ান। তাদের দাবি, এতে মাছগুলো দেখতে আরও চকচকে ও আকর্ষণীয় হয় এবং স্বাদেও উন্নতি হয়।
পুকুরটির আয়তন প্রায় ১০ একর এবং এতে প্রায় দুই হাজারের বেশি মাছ রয়েছে। মাছগুলোকে নানা ধরনের মরিচ দিয়ে খাবার ব্যবস্থা করা হয়। শুরুতে মাছগুলো মরিচ খেতে অনিচ্ছুক হলেও, মরিচ ও ঘাস একসঙ্গে দিলে মাছরা মরিচ খেতে পছন্দ করতে শুরু করে। পুকুরটির দায়িত্বে থাকা ৪০ বছর বয়সী মাছচাষি জিয়াং শেং এবং তার বন্ধু কুয়াং কে বলেন, মাছেরা ঘ্রাণের মাধ্যমে খাবার চিনে, তাই তাদের ঝাল স্বাদ তেমন কোনো সমস্যা করে না।
মরিচ খাওয়ানোর ফলে মাছের দেহের আঁশগুলো ঝকঝকে সোনালি রঙের মতো হয়ে ওঠে এবং স্বাদেও পার্থক্য লক্ষ্য করা যায়। কুয়াং আরও জানিয়েছেন, বিক্রি না হওয়া বা নষ্ট হতে চলা মরিচ তারা স্থানীয় কৃষকদের কাছ থেকে বিনামূল্যে সংগ্রহ করেন, যা খরচ কমাতে সাহায্য করে।
এই খবর সামাজিক মাধ্যমে মজার ছলে ছড়িয়ে পড়েছে, কেউ বলছেন, মাছ এখন মানুষের মতোই ঝাল খেতে শুরু করেছে, আবার কেউ বলছেন, যেন মাছ আগেই মসলা মাখানো হয়ে গেছে।
আরটিভি/এসকে





