
সমাজমাধ্যমে কৃত্রিম মেধা বা এআই এর তৈরি ভুয়ো কনটেন্ট নিয়ে উদ্বেগ বাড়তেই নতুন করে হইচই ফেলেছে একটি ভাইরাল ভিডিও। ভিডিওটিতে দেখা যায়, নীল শাড়ি পরা এক বৃদ্ধা সিংহীর সঙ্গে নিজস্বী ও ভিডিও করছেন। হঠাৎ পাশেই বিশ্রাম নেওয়া আরেকটি সিংহ উঠে এসে বৃদ্ধার উপর ঝাঁপিয়ে পড়ে এবং টেনে নিয়ে যায়। দৃশ্যটি দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।
ভিডিওটি ‘তাই_ভ্লগার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। লাইক, শেয়ার, কমেন্টে ভরে যায় পোস্টটি। কেউ বিস্ময় প্রকাশ করেন, কেউ আবার ভয় পেয়ে সতর্কবার্তাও দেন।
তবে পরে যাচাই করে দেখা যায় পুরো ভিডিওটি কৃত্রিম মেধা ব্যবহার করে তৈরি। বাস্তবে এমন কোনও ঘটনা ঘটেনি। বিষয়টি সামনে আসতেই এআই সৃষ্ট ভুয়ো ভিডিও ছড়ানোর প্রবণতা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। অনেকে অভিযোগ করেন, এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে এবং অনাবশ্যক আতঙ্ক সৃষ্টি করছে।
একজন মন্তব্য করেন, এই ধরনের ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না। আরেকজন লিখেছেন, এআই দিয়ে বানানো এমন ফেক ভিডিও দেখে এখন বিরক্ত লাগছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এআই প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ভুয়ো কনটেন্ট শনাক্ত করা আরও কঠিন হয়ে উঠছে। তাই অনলাইন ভিডিও দেখলে উৎস ও সত্যতা যাচাই করা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি।
সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে




