
বিশ্বের বিনোদন জগতের শীর্ষ প্রভাবশালী প্রতিষ্ঠান ডিজনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণাগার ওপেনএআইয়ে এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ওপেনএআইয়ের আলোচিত ভিডিও তৈরির প্ল্যাটফর্ম ‘সোরা’-তে ডিজনির আইকনিক চরিত্রগুলো ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি মিলেছে।
এটি সোরা প্ল্যাটফর্মের জন্য প্রথম কোনো বড় ধরনের ক্যারেক্টার-লাইসেন্সিং চুক্তি হিসেবে চিহ্নিত হচ্ছে, যার মাধ্যমে ডিজনি সরাসরি এআই-ভিত্তিক কনটেন্ট তৈরির জগতে নিজের অবস্থান সুসংহত করল।
চুক্তির শর্তানুযায়ী, এখন থেকে সোরা ব্যবহারকারীরা ২০০টিরও বেশি জনপ্রিয় ডিজনি চরিত্র ব্যবহার করে সৃজনশীল ভিডিও তৈরি করার সুযোগ পাবেন। এই তালিকায় রয়েছে কালজয়ী মিকি ও মিনি মাউস থেকে শুরু করে এরিয়েল, সিনড্রেলা ও বেলের মতো ডিজনি প্রিন্সেসরা।
এ ছাড়া আধুনিক জনপ্রিয় ফ্রোজেন, মোয়ানা ও টয় স্টোরির চরিত্রগুলোও থাকছে ব্যবহারকারীদের হাতের নাগালে। কেবল ডিজনি স্টুডিও নয়, মার্ভেল ও লুকাসফিল্মের ব্লকবাস্টার চরিত্র যেমন ব্ল্যাক প্যান্থার এবং স্টার ওয়ার্সের ইয়োদার মতো চরিত্রগুলোও এই এআই প্ল্যাটফর্মে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
তবে চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রাখা হয়েছে; কোনো বাস্তবের অভিনেতার মুখ বা কণ্ঠ ব্যবহার করা যাবে না। ব্যবহারকারীরা কেবল অ্যানিমেটেড চরিত্রগুলো নিয়েই কাজ করতে পারবেন।
এই সহযোগিতার প্রভাব শুধু ভিডিওতে সীমাবদ্ধ থাকছে না, বরং চ্যাটজিপিটির ইমেজে জেনারেশন ফিচারেও বড় পরিবর্তন আসছে। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি ডিজনির চরিত্রগুলো উল্লেখ করে নতুন ছবি তৈরির অনুরোধ করতে পারবেন চ্যাটজিপিটিকে।
এই মাইলফলক চুক্তি প্রসঙ্গে ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট আইগার এক বিবৃতিতে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি বিনোদন শিল্পে একটি গুরুত্বপূর্ণ সময় নিয়ে এসেছে। এই সহযোগিতার মাধ্যমে ডিজনি দায়িত্বশীলভাবে গল্প বলার পরিসর বাড়াতে চায়।
তিনি আরও যোগ করেন যে, সৃজনশীল মানুষ ও তাদের কাজের সুরক্ষা নিশ্চিত করা ডিজনির কাছে সবসময়ই অগ্রাধিকার পাবে।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এই অংশীদারত্বকে সৃজনশীলতার নতুন দিগন্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ডিজনি বিশ্বজুড়ে গল্প বলার ক্ষেত্রে একটি স্বর্ণমানদণ্ড। এই চুক্তির মাধ্যমে এআই এবং সৃজনশীল শিল্প যে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে, তার একটি উজ্জ্বল উদাহরণ তৈরি হলো।
প্রাথমিকভাবে তিন বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তিতে ডিজনির পক্ষ থেকে কঠোর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। সোরা প্ল্যাটফর্মে চরিত্রগুলো ঠিক কীভাবে উপস্থাপিত হবে এবং কোন ধরনের কনটেন্টে ব্যবহৃত হবে, তা ডিজনি কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করবে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে ডিজনি বিভিন্ন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলে আসছিল এবং সম্প্রতি গুগলকেও এ বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছে। সেই প্রেক্ষাপটে ওপেনএআইয়ের সঙ্গে এই বিলিয়ন ডলারের চুক্তিটি বিনোদন ও প্রযুক্তি বিশ্বের বিশ্লেষকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মূলধারার বিনোদন শিল্পের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করল।
আরটিভি/এএইচ




