
গাজায় হামলার দায়ে আইসিসি’র পরোয়ানা থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, নিউইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর হওয়ায় এই পরোয়ানা কার্যকর করা হবে। এনওয়াইসিভিত্তিক চ্যানেল এবিসি৭-এর সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
মামদানি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালে জারি করা ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধকৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ রয়েছে।
তিনি বলেন, এই শহর আন্তর্জাতিক আইনের শহর। তার মানে আইনকে রক্ষা করা। সেই আইনের পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন—সবার জন্যই বহাল থাকবে।
মামদানি এমন সময় এই মন্তব্য করলেন, যখন নিউইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
নির্বাচন প্রচারের সময়ও মামদানি তার একই অবস্থান জানিয়েছিলেন। গত অক্টোবর ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আইনগত সুযোগ পেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন।
গ্রেপ্তারে কোনো নতুন আইন তৈরি করবেন কি না—এমন প্রশ্নে মামদানি বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো নতুন নিয়ম বানানোর পথে হাঁটবেন না। বরং বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই সব সম্ভাবনা খুঁজে দেখবেন।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয়, ফলে এই গ্রেপ্তারি পরোয়ানা নিউইয়র্ক সিটিতে কার্যকর করা কতটা সম্ভব, তা নিয়ে আইনজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়ে গেছে।
আরটিভি/এআর




