
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর নির্বাচনে (২০২৬-২০২৭) সভাপতি পদে মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার পুনর্নিবাচিত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে ক্লাবের কার্যকরী পরিষদের ১১টি পদের বিপরীতে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্লাবের সদস্য সংখ্যা ১১০ জন হলেও এবার ভোটার ছিলেন ১০৫জন।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মনোয়ারুল ইসলামের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন এবিএম সালাহ উদ্দিন আহমেদ। অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী মমিনুল ইসলাম মজুমদারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ এমদাদ চৌধুরী দীপু।
প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের বিজয়ী অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ সভাপতি- মোহাম্মদ আবিদুর রহীম, সহ সাধারণ সম্পাদক মাহাথির ফারুকী, কোষাধ্যক্ষ রশীদ আহমদ,সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং কার্যকরী সদস্য যথাক্রমে শেখ সিরাজুল ইসলাম, রওশন হক, ফারুক হোসেন এবং শাহ আহমদ। সহসাধারণ সম্পাদক পদের একটি পদে তিনজন এবং কার্যকরী পরিষদের ৪টি পদের বিপরীতে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মঈন উদ্দিন নাসের, সাথে ছিলেন সালেহ উদ্দিন ও চৌধুরী এম আলী। গোপন বেলটে ভোট গ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। বিকাল ৩ টায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ১১ সদস্যের নতুন কার্যকরী কমিটির নির্বাচন শুরু হয়। তা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং প্রচার ও দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাক্রমে আবিদুর রহিম, রশীদ আহমদ ও মোস্তাফিজুর রহমান নির্বাচিত হন। এবারের নির্বাচনে ক্লাবের ১০৫জন ভোটারের মধ্যে ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আরটিভি/এসআর




