নির্মম হত্যাকাণ্ডে শ্রীপ্রিয়া নামে এক নারী কোয়েম্বাটুরের হোস্টেলে বসবাসের সময় নিজের স্বামী বালামুরুগানের হাতে নির্মমভাবে খুন হন। ঘটনার দিন বালামুরুগান স্ত্রীকে দেখতে হোস্টেলে যান এবং তার কাপড়ের ভেতর থেকে একটি দা বের করে স্ত্রীকে কোপাতে শুরু করেন। হত্যাকাণ্ডের পর বালামুরুগান স্ত্রীর নিথর দেহের পাশে দাঁড়িয়ে তার সঙ্গে সেলফি তুলে সেটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেন। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ ছিল এবং তারা আলাদা থাকতেন। বালামুরুগানের দাবি, তিনি ধারণা করেছিলেন শ্রীপ্রিয়া তার সঙ্গে প্রতারণা করেছেন। যদিও এটি প্রাথমিক তথ্য, তদন্ত চলছে।
হত্যাকাণ্ডের সময় হোস্টেলের বাসিন্দারা চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন, কিন্তু বালামুরুগান পালিয়ে না গিয়ে পুলিশের জন্য অপেক্ষা করেন। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেছে এবং উদ্ধার করেছে দাটি।
ঘটনায় তামিলনাড়ু রাজ্যে নারীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলছে যে, বর্তমান ডিএমকে সরকার নারীদের সুরক্ষায় ব্যর্থ এবং রাজ্যে নৃশংস অপরাধ বেড়ে চলেছে। তবে সরকার বলছে, এসব ঘটনা ব্যক্তিগত বিরোধের কারণে হয়েছে এবং প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত ও বিচার চলছে।
তদন্ত কর্মকর্তারা বলছেন, এই ধরনের হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে নারীরা নিরাপদে জীবন যাপন করতে পারে।
আরটিভি/এসকে




