এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির স্ত্রী ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি তার ফ্যাশন সেন্স ও বিলাসবহুল পছন্দের জন্য সর্বদাই নজরকাড়া ব্যক্তিত্ব। সম্প্রতি মুম্বাইয়ের একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি হাতে বহন করেছেন এক বিরল ‘হার্মিস হিমালয় বার্কিন’ ব্যাগ, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে।
এই ব্যাগটির মূল্য প্রায় ৪ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৮৮ লাখ টাকারও বেশি। হার্মিসের বিশেষত্ব হলো, প্রতিটি ব্যাগ একক কারিগর তৈরি করেন এবং সেই কারিগর নিজের স্বাক্ষরও রেখে যান। তবে নীতা আম্বানির এই ব্যাগটি আরও বিশেষ হয়ে উঠেছে তার চার নাতি-নাতনির আদ্যক্ষর ‘এ, কে, পি, ভি’ ১৮ ক্যারেট সোনার অলংকরণে সজ্জিত হওয়ার কারণে।
ভারতের নামকরা গহনা ডিজাইনার আশনা মেহতা এই স্বর্ণের প্রতিটি অক্ষরে উচ্চমানের হীরা ও বিরলতম রতœ প্যারাইবা বসিয়েছেন। প্যারাইবা পাথরের ‘নিয়ন নীল’ দীপ্তি বিশ্বখ্যাত, যা প্রতি ১০ হাজার হীরার মধ্যে মাত্র একটি পাওয়া যায়, তাই এর মূল্য অত্যন্ত উচ্চ। চার অক্ষরের অলঙ্করণেই প্রায় ২০ হাজার ডলার খরচ হয়েছে, যা ব্যাগের আসল মূল্যকে ছাড়িয়ে যেতে পারে।
নীল-সবুজ নিয়ন রঙের ব্রাজিলিয়ান প্যারাইবা পাথরটি প্রায় আট ক্যারেট ব্যবহার করা হয়েছে, যার প্রতি ক্যারেট মূল্য ২০ থেকে ৩০ হাজার ডলারের মধ্যে। ব্যাগের নির্মাণে ব্যবহার হয়েছে নাইলোটিকাস কুমিরের চামড়া ও প্যালাডিয়াম হার্ডওয়্যার। ‘হার্মিস হিমালয় বার্কিন’ ব্যাগ অত্যন্ত সীমিতসংখ্যক তৈরি হয়, ক্রিস্টিজ নিলাম সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর মাত্র এক বা দুইটি ডায়মন্ড হিমালয় বার্কিন প্রস্তুত হয়।
নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহে রয়েছে হার্মিস, স্নেল, গোয়ার্ড ও জিমি চু-র মতো ব্যাগের নানা দামী সংকলন, যার প্রত্যেকটির দাম কোটি টাকার কাছাকাছি। তবে এই বিরলতম হার্মিস হিমালয় বার্কিন ব্যাগ তার সংগ্রহের মধ্যে সবচেয়ে চমকপ্রদ ও আকর্ষণীয়, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ কোটি টাকা।
এই ব্যাগটি শুধু বিলাসিতা নয়, এক ধরনের ব্যক্তিগত স্মৃতিচিহ্নও হয়ে উঠেছে, যেখানে পরিবারের স্নেহ ও প্রিয়জনের ছোঁয়া মিশে রয়েছে।
নীতা আম্বানির এই বিরল হার্মিস ব্যাগ ফ্যাশন ও বিলাসিতার জগতের এক নজির স্থাপন করেছে, যা শুধুমাত্র ধনী কিংবা বিখ্যাত হওয়ার চেয়েও অনেক বেশি অর্থ বহন করে একটি পরিবারের ভালোবাসা ও সময়ের সাক্ষী হিসেবে।
আরটিভি/এসকে





