মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির বেনিটো জুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়েছে। বকেয়া বেতনের দাবিতে একজন পাইলট বিমান উড্ডয়ন করতে অস্বীকৃতি জানিয়ে নিজেকে ককপিটে আটকে রাখেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) কানকুনগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে এই ঘটনা ঘটে, যা মুহূর্তেই স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রিফর্মা সংবাদপত্রসহ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ওই পাইলট ককপিট থেকে যাত্রীদের উদ্দেশে বলছেন, ‘যতক্ষণ আমাদের পাওনা পরিশোধ না করা হবে, এই বিমান এখান থেকে নড়বে না।’
তিন সন্তানের জনক ওই পাইলট দাবি করেন, গত পাঁচ মাস ধরে তিনি কোনো বেতন পাচ্ছেন না এবং তার ভ্রমণ খরচও বকেয়া রাখা হয়েছে। তিনি আরও জানান, গত তিন বছর ধরে এই সংস্থায় কর্মরত থাকলেও কোনোদিন তার ফ্লাইটে দেরি হয়নি বা তিনি কাজ শেষ করতে ব্যর্থ হননি।
এই ঘটনার ফলে কানকুনগামী নির্ধারিত ফ্লাইটটি বাতিল হয়ে যায়। বিমানবন্দরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। মেক্সিকান গণমাধ্যম জানিয়েছে, ঘটনার পর নিরাপত্তা কর্মীরা বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই পাইলটকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দর কর্মকর্তারা এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করলেও তারা স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি।
আরটিভি/এআর





