যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন হেলেনের তাণ্ডবে হারিয়ে যাওয়া একটি বিড়ালকে ৪৪৩ দিন পর ফিরে পেয়েছেন এর মালিক।
গত বছরের সেপ্টেম্বর মাসে ফ্লোরিডায় আঘাত হানে ভয়াবহ এই ঝড়। ঝড়ের সময় বিড়ালটি পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, চলতি বছরের ১৩ ডিসেম্বর নর্থ ক্যারোলিনার একটি রাস্তায় বিড়ালটিকে খুঁজে পান এক ব্যক্তি। পরে তিনি বিড়ালটিকে স্থানীয় একটি প্রাণী আশ্রয়কেন্দ্র অ্যাভারি হিউম্যান সোসাইটিতে হস্তান্তর করেন।
শেল্টারের কর্মীরা বিড়ালটির শরীরে থাকা মাইক্রোচিপ স্ক্যান করে জানতে পারেন, এটি হ্যারিকেন হেলেনের সময় হারিয়ে যাওয়া একটি পোষা প্রাণী। চিপের তথ্যের ভিত্তিতে মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে অবশেষে দীর্ঘ ৪৪৩ দিন পর বিড়ালটি তার পরিবারের কাছে ফিরে যায়।
এ বিষয়ে অ্যাভারি হিউম্যান সোসাইটি গত রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, বিড়ালটিকে স্ক্যান করার পর আমরা একটি মাইক্রোচিপ খুঁজে পাই। অনুসন্ধানে জানা যায়, হ্যারিকেন হেলেনের সময় প্রায় ৪৪৩ দিন আগে এটি হারিয়ে গিয়েছিল। অবশেষে সে তার প্রকৃত স্থানে, পরিবারের কাছে ফিরে যেতে পেরেছে।
উল্লেখ্য, হ্যারিকেন হেলেন যুক্তরাষ্ট্রে গত দুই দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী সামুদ্রিক ঝড়গুলোর একটি। ছয়টি রাজ্যে তাণ্ডব চালিয়ে ঝড়টি ২৫০ জনেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে নর্থ ক্যারোলিনায়।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
আরটিভি/এসকে




