কঙ্গোর কিন্ডু বিমানবন্দরে অবতরণের পর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা একটি বিমান থেকে যাত্রীদের লাফিয়ে নামার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিমান থেকে যাত্রী নামানোর জন্য প্রয়োজনীয় সিঁড়ি (মোবাইল স্টেয়ার) না থাকায় এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।
ঘটনাটি দেশটির রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা ‘এয়ার কঙ্গো’-এর একটি ফ্লাইটে ঘটে। অবতরণের পর দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনও ব্যবস্থা না পেয়ে বিমানের ভিতরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে ওঠেন যাত্রীরা। একপর্যায়ে বিমানকর্মীরা বিমানের দরজা খুলে দেন এবং সেখান থেকে যাত্রীরা কয়েক ফুট উঁচু থেকে লাফ দিয়ে নামতে শুরু করেন।
Kindu : les passagers de la compagnie Air Congo obligés de sauter de l’avion par manque d’escalier pour le débarquement pic.twitter.com/eO2mlHlynS
— Les Consommateurs Lésés (@MNCL_RDC) December 19, 2025
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় নেটমাধ্যমে। অনেকেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, “এভাবে কয়েক ফুট উঁচু থেকে লাফ দিলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। যাত্রীদের কিছু হলে দায় নেবে কে?”
এই ঘটনায় সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান সংস্থার দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন উঠেছে।
আরটিভি/এসকে




