বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এবং ভালোবাসার প্রতীক তাজমহল নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন ভারতের মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা ও মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, তাজমহল মূলত একটি মন্দির ছিল যা পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহান রূপান্তরিত করেছিলেন। এই মন্তব্য সামনে আসার পর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিসহ আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ৬৯ বছর বয়সী এই নেতা দাবি করেছেন মমতাজকে প্রথমে বুরহানপুরে সমাহিত করা হয়েছিল। পরে তার দেহ এমন একটি স্থানে সরিয়ে নেওয়া হয় যেখানে আগে থেকেই একটি মন্দির নির্মিত হচ্ছিল। বিজয়বর্গীয়র মতে, সেই মন্দিরের ওপর ভিত্তি করেই আজকের তাজমহল দাঁড়িয়ে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বিজয়বর্গীয়র এমন মন্তব্যের পর হাত গুটিয়ে বসে থাকেনি বিরোধী দল কংগ্রেস। দলটির মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, বিজেপি মন্ত্রীরা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি মনে করেন, সস্তায় আলোচনায় থাকার জন্য এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা নিয়মিত সীমা অতিক্রম করছেন। কংগ্রেসের দাবি, এ ধরনের বক্তব্য নেতাদের মানসিক হতাশারই বহিঃপ্রকাশ।
তাজমহলের উৎপত্তি নিয়ে ডানপন্থী শিবিরের এমন দাবি অবশ্য এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় তাজমহলকে ‘তেজো মহালয়া’ নামের শিব মন্দির হিসেবে দাবি করার চেষ্টা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, একজন বর্তমান মন্ত্রী যখন সরকারি কোনো অনুষ্ঠান থেকে এমন দাবি করেন, তখন তার রাজনৈতিক গুরুত্ব ও সামাজিক প্রভাব অনেক বেশি হয়। কৈলাস বিজয়বর্গীয়র এর আগেও বিভিন্ন সময় ‘হুটহাট’ বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে।
আরটিভি/এআর





