জাপানের গুনমা প্রিফেকচারের কান-এতসু এক্সপ্রেসওয়েতে তুষারঝড়ের কারণে ৬৭টি যানবাহনের সংঘর্ষ ঘটেছে, যার ফলে অন্তত দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। প্রিফেকচারাল হাইওয়ে পুলিশের বরাতে জানা যায়, এই দুর্ঘটনা ঘটেছে টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিনাকামি শহরের কাছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রবল তুষারপাতের মধ্যেই মিনাকামিতে দুটি ট্রাকের সংঘর্ষ থেকে শুরু হয় এই চেইন-রিঅ্যাকশন দুর্ঘটনা। এতে এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি অংশ বন্ধ হয়ে যায়। পেছনে আসা গাড়িগুলো পিচ্ছিল সড়কে সময়মতো ব্রেক করতে না পারায় সংঘর্ষের পরিমাণ বেড়ে যায়।
দুর্ঘটনার এক প্রান্তে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার কারণে প্রায় ২০টি যানবাহন আগুনে পুড়ে ছাই হয়। দমকল বাহিনী কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নিহতদের মধ্যে রয়েছেন টোকিওর ৭৭ বছর বয়সী এক নারী এবং একজন ট্রাক চালক। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অবশ্যই, দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট এলাকায় ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছিল। দুর্ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ অপসারণ ও সড়ক পরিষ্কার করছে। শনিবারও এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি অংশ বন্ধ রাখা হয়।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরটিভি/এসকে





