
ভারতের পাঞ্জাব রাজ্যের আম আদমি পার্টির (এএপি) নেতা লাকি ওবেরয়কে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জলন্ধরে মডেল টাউনে শিখ উপাসনালয়ের বাইরে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়; তার মধ্যে ৫টি গুলি গাড়িতে থাকা এ রাজনীতিকের শরীরে লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, গুরুদ্বারের বাইরে গাড়ি পার্ক করছিলেন লাকি ওবেরয়। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। অন্তত পাঁচটি গুলি তার শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমআই


