
রাশিয়ার রাজধানী মস্কোর একটি আবাসিক ভবনের সামনে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ বন্দুকধারী হামলার শিকার হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তর-পশ্চিম উপকণ্ঠে নিজের বাসভবনের কাছে ওত পেতে থাকা এক আততায়ী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন। হামলার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খবর বিবিসির।
ভ্লাদিমির আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক জেনারেল স্টাফের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের একজন অত্যন্ত প্রভাবশালী ও উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচিত। চার বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়ার খোদ রাজধানীর অভ্যন্তরে এটিই কোনো শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর হওয়া সবচেয়ে বড় হামলা।
রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই ঘটনায় ইতোমধ্যে একটি হত্যাচেষ্টার ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং আবাসিক এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
আলেক্সেয়েভ ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার রণকৌশল প্রণয়ন ও গোপন অভিযান পরিচালনার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছিলেন। বিশেষ করে ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় ইউক্রেনীয় পক্ষের সাথে দরকষাকষি এবং ২০২৩ সালে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহের সময় ক্রেমলিনের পক্ষ থেকে মধ্যস্থতাকারী হিসেবে তিনি বিশেষ আলোচনায় ছিলেন। তার ওপর ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে কারণ ২০১৮ সালে যুক্তরাজ্যে সংঘটিত আলোচিত নার্ভ এজেন্ট হামলার পেছনে তার সরাসরি পরিকল্পনা ছিল বলে অভিযোগ রয়েছে।
মস্কোর মতো কড়া নিরাপত্তা বেষ্টিত শহরে একজন জেনারেলের ওপর এমন দুঃসাহসিক হামলা রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও মস্কোর বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণে জেনারেল ইগর কিরিলোভ ও লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছিলেন।
সাম্প্রতিক এই হামলাগুলোর পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ তারা অতীতেও রাশিয়ার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দায় স্বীকার করেছিল। আজকের এই হামলার প্রকৃত উদ্দেশ্য ও হামলাকারীর পরিচয় নিশ্চিত হতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে রুশ প্রশাসন।
আরটিভি/এআর


