
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ফ্লোরিডা এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের বয়স ১৮ বছরের নিচে। আহতদের মধ্যে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের তিনজনের অবস্থা গুরুতর।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামসংলগ্ন একটি সড়কের মোড়ে এ ঘটনা ঘটে। ওই সময় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পুনর্মিলনী উৎসব উপলক্ষে একটি ফুটবল খেলা চলছিল।
তালাহাসি পুলিশ বিভাগ জানিয়েছে, গুলিবর্ষণের আগে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা তিনজন ছাড়া অন্যদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ঘটনাস্থলের আশপাশ এড়িয়ে চলার আহ্বান জানায়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ রয়েছে বলেও জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পেরি স্ট্রিটে ঘটে যাওয়া এ ঘটনায় আহত ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি তারা সমবেদনা জানাচ্ছে।
ঘটনাস্থল থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ও জরুরি সতর্কবার্তা জারি করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তালাহাসি এলাকায় থাকা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং সতর্ক থাকতে বলা হয়। তবে তাদের বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট কেউ এ ঘটনায় জড়িত বলে মনে করা হচ্ছে না।
তালাহাসি পুলিশের প্রধান লরেন্স রেভেল আহতদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আহতদের মধ্যে শিশুদের থাকাটা বিশেষভাবে বেদনাদায়ক।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। গুলিবর্ষণের বিষয়ে তথ্য জানা আছে—এমন প্রত্যক্ষদর্শীদের এগিয়ে এসে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


