ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘কূটনীতি ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে প্রস্তুত মার্কিন সেনারা’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, তেহরান যদি আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে মার্কিন সেনারা আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছেন।

যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার রাত আটটা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়সীমা না মানলে ইরানের ‘পুরো সভ্যতা’ ধ্বংসের হুমকি দিয়েছিলেন তিনি। তবে সময় শেষের ঘণ্টা দুয়েক আগেই দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে দুই পক্ষ থেকে। এতে মূল ভূমিকা রাখে পাকিস্তান। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের আগামী শুক্রবার পাকিস্তানে আলোচনায় বসার কথা রয়েছে।

আরও পড়ুন

এর এক দিনের মাথায় যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য এল।

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বুধবার (৮ এপ্রিল) পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আশা করি, ইরান স্থায়ী শান্তিকে বেছে নেবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং শি জিনপিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় কূটনৈতিক প্রথা ভেঙে চীনের শেনজেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পরপরই রানওয়েতে শি জিনপিং নিজে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং তাকে জড়িয়ে ধরেন। বিবিসির খবরে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) শেনজেনে অবতরণের মধ্য দিয়ে নতুন এক ইতিহাসের অংশ হয়েছেন ট্রাম্প। শেনজেনে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের তিন প্রভাবশালী নেতার এই নজিরবিহীন যৌথ বৈঠক ঘিরে শহরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম শেনজেনে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শেনজেনকে দেশটির ‘সিলিকন ভ্যালি’ বলা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোরই আবাস এই শহর। শেনজেনে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ট্রাম্পের জন্য লালগালিচা বিছানো হয়। ট্রাম্পের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে জড়ো হন স্থানীয় বাসিন্দারাও। তার গাড়িবহরের পথের পাশে ছোট ছোট দলে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান তারা। ট্রাম্পের অবস্থানের কথা জানা গেছে- এমন একটি হোটেলের বাইরেও জড়ো হন স্থানীয়রা। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হোটেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। এক তরুণ মার্কিন প্রেসিডেন্টের হোটেলের কাছের একটি সড়কে অপেক্ষা করার সময় বলেন, ‘আমি আশা করি, ট্রাম্পের এই সফর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে পারবে।’ ঐতিহাসিক এই আয়োজন ঘিরে ১৮ মিলিয়ন মানুষের শহর শেনজেনের পার্ক ও সড়কগুলোতেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আরটিভি/টিআর
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং শি জিনপিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে
স্ত্রীর পরকীয়া পুঁজি করে ১ লাখ কোটি টাকার মালিক স্বামী!
একদিকে চীনে হাজার হাজার কোটি টাকার ডেটা সেন্টার ব্যবসা গড়ে তোলার উদ্যোগ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার উন্নত চিপ পাওয়ার তৎপরতা।
স্ত্রীর পরকীয়া পুঁজি করে ১ লাখ কোটি টাকার মালিক স্বামী!
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, ২৭ বছরের কারাদণ্ড পাকিস্তানি নাগরিকের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন একটি আদালত।  মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ফেডারেল আদালতের বিচারক এরিক কোমিটি ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেন।  মার্কিন বিচার বিভাগ (ডিওজে) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে সহযোগী খুঁজছিলেন মার্চেন্ট। এই পরিকল্পনায় তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির নামও সম্ভাব্য লক্ষ্য হিসেবে উঠে আসে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, ২০২০ সালের জানুয়ারিতে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) এই হত্যার পরিকল্পনা করেছিল।  প্রসিকিউটরদের দাবি, ২০২২ সালের দিকে মার্চেন্টকে আইআরজিসি নিয়োগ করে। পরে ইরানে যাতায়াতের সময় তিনি সংগঠনটির এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ওই কর্মকর্তা তাকে গোয়েন্দা কার্যক্রম ও পাল্টা নজরদারি সম্পর্কে প্রশিক্ষণ দেন এবং যুক্তরাষ্ট্রে গিয়ে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেন। ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে পৌঁছে মার্চেন্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন পরিচিত ব্যক্তির সহযোগিতা চান। তবে ওই ব্যক্তি মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়ে গোপন তথ্যদাতা হিসেবে কাজ শুরু করেন। পরে তার মাধ্যমে মার্চেন্টের সঙ্গে যাদের পরিচয় করিয়ে দেওয়া হয়, তারা আসলে এফবিআইয়ের ছদ্মবেশী এজেন্ট ছিলেন। অভিযোগ অনুযায়ী, হত্যাকাণ্ড বাস্তবায়নের অগ্রিম অর্থ হিসেবে মার্চেন্ট ৫ হাজার ডলার পরিশোধ করেন। তিনি রাজনৈতিক সমাবেশে হামলার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছিলেন।  তবে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই বিষয়টি শনাক্ত করায় কোনো হামলা ঘটেনি। ২০২৪ সালের ১২ জুলাই তাকে গ্রেফতার করা হয় এবং চলতি বছরের মার্চে একটি ফেডারেল জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে।  বিচার চলাকালে মার্চেন্ট স্বীকার করেন, তিনি ইরানের আইআরজিসির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে নিজের স্ত্রী ও সন্তানদের নিরাপত্তার আশঙ্কায় বাধ্য হয়ে এই পরিকল্পনায় অংশ নিয়েছিলেন বলে দাবি করেন তিনি। তার এই বক্তব্যের সঙ্গে প্রসিকিউটররা দ্বিমত পোষণ করেন। রায় ঘোষণার সময় বিচারক এরিক কোমিটি বলেন, কোনো মার্কিন প্রেসিডেন্ট বা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা অত্যন্ত গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধের গুরুত্ব বিবেচনায় আসামিকে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে। আসিফ মার্চেন্টের আইনজীবী জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তার দাবি, হত্যার পরিকল্পনাটি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম ছিল এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত হয়নি। এদিকে তেহরান ট্রাম্প বা অন্য কোনো মার্কিন কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা বা হামলার ষড়যন্ত্র করার অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এসব হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের অনেক শীর্ষ নেতাও নিহত হয়েছেন। আরটিভি/টিআর
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, ২৭ বছরের কারাদণ্ড পাকিস্তানি নাগরিকের
নিরাপত্তা উদ্বেগে মহাসড়ক থেকে চালকবিহীন গাড়ি সরিয়ে নিচ্ছে ওয়েমো
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সাময়িকভাবে মহাসড়কে চালকবিহীন গাড়ি চলাচল নিষিদ্ধ করার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহাসড়ক থেকে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েমো। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, আপাতত মহাসড়কে তাদের চালকবিহীন গাড়ির কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।  গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সহযোগী কোম্পানি ওয়েমোর একজন মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান। ক্যালিফোর্নিয়ার পাশাপাশি ফিনিক্স, অস্টিন ও মায়ামিসহ যুক্তরাষ্ট্রের যেসব শহরে ওয়েমোর গাড়ি চলাচল করে, সেসব এলাকার মহাসড়কেও সাময়িকভাবে এ সেবা বন্ধ থাকবে। ওয়েমোর মুখপাত্র জানান, ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পর নিজেদের গাড়ির কার্যক্রম ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতেই মহাসড়কে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।  সম্প্রতি সান ফ্রান্সিসকোর একটি মহাসড়কে ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ওয়েমোর একটি চালকবিহীন গাড়ি দ্রুতগতিতে এসে পুলিশের দুটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। অথচ পুলিশের গাড়ি দুটির জরুরি সংকেতবাতি তখন জ্বলছিল।  পুলিশ কর্মকর্তারা তখন একটি ধীরগতির নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকের পেছনে গাড়ি চালাচ্ছিলেন। এ ঘটনার পর গত ১১ নভেম্বর থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ওয়েমোর গাড়ির মহাসড়কে চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করে। তবে শুধু এ ঘটনাই নয়, আরও একটি ঘটনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা মোটরযান বিভাগ। সংস্থাটির এক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সান ফ্রান্সিসকো বে এলাকার একটি সড়কে নির্মাণকাজ চলার সময় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু ওয়েমোর তিনটি চালকবিহীন গাড়ি সেই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে। মোটরযান বিভাগের বিবৃতিতে বলা হয়, নির্মাণকাজ চলাকালে শ্রমিক, নির্মাণসামগ্রী ও বিভিন্ন যন্ত্রপাতি সেখানে অবস্থান করছিল। এমন পরিস্থিতিতে ওয়েমোর গাড়িগুলো বারবার নির্মাণকাজের জন্য নির্ধারিত নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ায় জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল। বিবৃতিতে আরও বলা হয়, ওয়েমো তাদের গাড়ির নিরাপত্তা ত্রুটি সংশোধনে কার্যকর পদক্ষেপ নিয়েছে—এ বিষয়ে সন্তোষজনক প্রমাণ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। বর্তমানে ওয়েমোর চালকবিহীন গাড়ি দিয়ে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ লাখ যাত্রা সম্পন্ন হচ্ছে।  প্রতিষ্ঠানটির দাবি, মানুষের চালানো গাড়ির তুলনায় তাদের স্বয়ংক্রিয় গাড়ির গুরুতর দুর্ঘটনার হার ৯৫ শতাংশ কম। এদিকে, ২০১৬ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চালকবিহীন গাড়ি পরীক্ষামূলকভাবে চালিয়ে আসছে ওয়েমো।  ২০২৭ সালে জার্মানির মিউনিখ ও স্পেনের মাদ্রিদে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। সুত্র: এএফপি’র। আরটিভি/টিআর
নিরাপত্তা উদ্বেগে মহাসড়ক থেকে চালকবিহীন গাড়ি সরিয়ে নিচ্ছে ওয়েমো
যুক্তরাষ্ট্রের ইাতহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে আরও এক ধাপ এগোচ্ছেন হাকিম জেফরিস। মধ্যবর্তী নির্বাচনে বিপুল বিজয়ের পর বুধবার ডেমোক্র্যাটরা দলের নেতা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্য দিয়ে তার স্পিকার হওয়ার পথ আরও সুগম হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছর প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতার নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় রয়েছেন জেফরিস।  মঙ্গলবার জেফরিস জানান, তার মনোনয়নের বিষয়ে তিনি রেকর্ডভিত্তিক ভোটের অনুরোধ জানাবেন। আনুষ্ঠানিক ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করার আশা করেছিলেন তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী।  ভোটের আগের দিন ক্যাপিটলে জেফরিস সাংবাদিকদের বলেন, তার অভিজ্ঞতা, রাজনৈতিক কর্মকাণ্ডের রেকর্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনার সুযোগ প্রত্যেক ডেমোক্র্যাটের থাকা উচিত।  বুধবারের ভোটে স্পিকার পদে ডেমোক্র্যাটদের প্রার্থী নির্ধারণ করা হবে। তবে আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটে তাকে স্পিকার নির্বাচিত হতে হবে। বুধবারের মনোনয়ন ভোটে বর্তমান ও নবনির্বাচিত—উভয় শ্রেণির ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অংশ নিতে পারবেন। তাদের মধ্যে প্রগতিশীল নেতারাও রয়েছেন।  যুক্তরাষ্ট্রের ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া থেকে শুরু করে রাজনীতিতে অর্থের প্রভাব—বিভিন্ন বিষয়ে জেফরিসের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছেন তারা। সমর্থন আরও সুসংহত করতে জেফরিস ও তার ঘনিষ্ঠ সহযোগীরা কাজ করছেন।  একই সঙ্গে নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর দেশ পরিচালনায় দলের পরিকল্পনার দিকে মনোযোগ ফেরানোর চেষ্টা করছেন জেফরিস। ইরান যুদ্ধ ও জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ে জনঅসন্তোষের কারণে রিপাবলিকানরা বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়ে। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, রিপাবলিকানদের অর্থনৈতিক পরিস্থিতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা প্রথম দিন থেকেই এই পরিস্থিতি বদলাতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রুকলিনে বেড়ে ওঠা ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় বেড়ে ওঠা জেফরিস আইন বিষয়ে পড়াশোনা করেন। ২০০৭ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় যোগ দেন তিনি। ২০১২ সালে কংগ্রেস সদস্য নির্বাচিত হন। সংযত আচরণ, তীক্ষè বক্তব্য এবং হিপহপ শিল্পীদের উদ্ধৃতি দেওয়ার প্রবণতার জন্য পরিচিত জেফরিস।  ২০২২ সালে ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হয়ে ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে কংগ্রেসের দুই কক্ষের যেকোনো একটিতে কোনো দলের নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ রাজনীতিক হওয়ার ইতিহাস গড়েন। ২০২০ সালে ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারেও প্রতিনিধি পরিষদের কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। স্পিকার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হবে।  তবে মধ্যপন্থী ও ক্রমেই প্রভাবশালী হয়ে ওঠা বামপন্থীদের নিয়ে গঠিত ডেমোক্র্যাট জোটকে ঐক্যবদ্ধ রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ হবে। ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ডেমোক্র্যাটরা।  প্রতিনিধি পরিষদে তুলনামূলক সহজ নেতৃত্ব নির্বাচনের চিত্রের বিপরীতে সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। সেখানে দলের দীর্ঘদিনের নেতা চাক শুমারের প্রতিদ্বন্দ্বী হয়েছেন মেরিল্যান্ডের প্রগতিশীল সিনেটর ক্রিস ভ্যান হলেন। বার্নি স্যান্ডার্সসহ বামপন্থী রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন পেয়েছেন ভ্যান হলেন। তবে নিজেকে এ প্রতিযোগিতায় পিছিয়ে থাকা প্রার্থী হিসেবেই দেখছেন তিনি।  ডিসেম্বরের শুরুতে সিনেট ডেমোক্র্যাটরা তাদের নেতা নির্বাচন করবেন। এদিকে রিপাবলিকানরা গত সপ্তাহেই কংগ্রেসে নিজেদের নেতা নির্বাচন করেছে।  প্রতিনিধি পরিষদে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জিম জর্ডানকে নেতৃত্বে এনেছে দলটি। আর সিনেটে জন থুনকে পুনরায় নেতা হিসেবে রেখেছে। আরটিভি/টিআর
যুক্তরাষ্ট্রের ইাতহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা 
ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কতটা ভয়ংকর রূপ দেখাবে এই ‘রাক্ষস’
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা