অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৮:২৯ পিএম


অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান
ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। প্রতীকী ছবি

দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে অপারেশনাল সক্ষমতা যাচাই করা হয়েছে। মূলত সাম্প্রতিক সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান এবং তিন সপ্তাহের ব্যবধানে দেশটি আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল।

সংবাদমাধ্যম দ্য ডন বলছে, পাকিস্তানের সামরিক বাহিনীর রকেট ফোর্স কমান্ড বৃহস্পতিবার (১৪ মে) দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, এই অস্ত্রব্যবস্থায় অত্যাধুনিক অ্যাভিওনিকস ও আধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

বিবৃতিতে আরও বলা হয়, সেনাদের অপারেশনাল দক্ষতা বাড়ানো এবং উন্নত নির্ভুলতা ও টিকে থাকার সক্ষমতার জন্য যুক্ত বিভিন্ন সাব-সিস্টেমের প্রযুক্তিগত কার্যকারিতা যাচাই করতেই এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ চালানো হয়েছে।

আইএসপিআর জানায়, উৎক্ষেপণের সময় পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে জড়িত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরও জানায়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু ফাতাহ-৪ এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রশংসা করেছেন।

এর তিন সপ্তাহ আগে পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ড দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিল।
 
আরটিভি/কেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission