আফ্রিকার দেশ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে কর্মরত এক মার্কিন নাগরিকের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি একটি মানবিক সহায়তা সংস্থার হয়ে কাজ করছিলেন। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি ইবোলা ভাইরাসের বান্ডিবুগিও ধরনের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। সংস্থাটি রোগীর কর্মস্থল, কঙ্গোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করছে। পাশাপাশি যাদের সংস্পর্শে তিনি এসেছিলেন, তাদেরও শনাক্ত করা হচ্ছে।
তবে আক্রান্ত ব্যক্তির পরিচয় বা স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে কঙ্গো সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ইবোলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩০ জনে। এর মধ্যে মারা গেছেন ৬৪৮ জন।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ইবোলার কোনো রোগী শনাক্ত হয়নি। দেশটির সাধারণ মানুষের জন্য ঝুঁকি এখনো কম। সংস্থাটির মতে, সংক্রমণ এখনো কঙ্গোর দুর্গম এলাকা ও প্রতিবেশী উগান্ডার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাই যুক্তরাষ্ট্রে এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই কম।
এর আগে চলতি বছরের মে মাসে কঙ্গোতে কর্মরত আরেক মার্কিন চিকিৎসক ইবোলায় আক্রান্ত হন। পরে তাঁকে জার্মানিতে নেওয়া হলে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।
এছাড়া গত মাসে কঙ্গো থেকে ফিরে ফ্রান্সে এক মানবিক সহায়তাকর্মীর শরীরেও ইবোলা শনাক্ত হয়। সেটিই ছিল চলমান এই প্রাদুর্ভাবের মধ্যে আফ্রিকার বাইরে শনাক্ত হওয়া প্রথম রোগী। এ তথ্যও জানিয়েছে সিএনএন।
আরটিভি/জেএমএ



