ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীর মা হাসপাতালে, ছুটি চাওয়ায় বসের প্রশ্ন ‘মাসের ক্লোজিংয়ের কী হবে’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা

মা হাসপাতালে ভর্তি। এমন জরুরি পরিস্থিতিতে বাড়ি ছুটতে হয়েছিল এক কর্মীকে। গভীর রাতে অফিসের বসকে নিজের অনুপস্থিতির কথা জানালেও সহানুভূতির বদলে তিনি পান মাসের বিক্রয় হিসাব নিয়ে প্রশ্ন। বসের এমন প্রতিক্রিয়ায় ভেঙে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানতে চেয়েছেন, বিষয়টি নিয়ে তিনি কি বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছেন?

ওই কর্মী একটি সফটওয়্যার কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন। কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ মায়ের দেখাশোনার জন্য প্রায় প্রতি সপ্তাহেই তাকে নিজের শহরে যেতে হয়।

এর মধ্যেই হঠাৎ মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। জরুরি পরিস্থিতিতে কর্মস্থল ছেড়ে আবারও বাড়ি ফিরতে বাধ্য হন ওই কর্মী। রাত ৩টার দিকে বসকে ফোন করে নিজের অনুপস্থিতির বিষয়টি জানান তিনি।

তবে বসের জবাব শুনে হতবাক হয়ে যান ওই কর্মী। মায়ের জরুরি হাসপাতালে ভর্তির খবর শোনার পর বস তাকে বলেন, ঠিক আছে। কিন্তু এই মাসের ক্লোজিংয়ের কী হবে?

ওই কর্মীর ভাষ্য, মাসের শেষের বিক্রয় হিসাব বা ক্লোজিং প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ সেটি তিনি বোঝেন। কাজের বিষয়টি প্রতিষ্ঠান গুরুত্ব দেবে, সেটিও স্বাভাবিক।

তবে মায়ের জরুরি হাসপাতালে ভর্তির খবর দেওয়ার পর অন্তত ‘মায়ের যত্ন নিন, ক্লোজিংয়ের বিষয়টি পরে আলোচনা করব’ এ ধরনের মানবিক প্রতিক্রিয়া আশা করেছিলেন তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ওই কর্মী বলেন, হয়তো তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই অন্যদের মতামত জানতে চেয়েছেন তিনি।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই ওই কর্মীর পাশে দাঁড়ান। তারা পরিবারকে সবকিছুর আগে রাখার পরামর্শ দেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের মানুষগুলো অর্থের জন্য নিজেদের সবকিছু বিসর্জন দিয়েছেন।

আরেকজন কর্মীকে প্রতিষ্ঠান পরিবর্তনের পরামর্শ দিয়ে বলেন, এমন অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে, যেখানে কর্মীদের জন্য নমনীয়তা ও মানবিকতার সুযোগ থাকে।

আরও পড়ুন

তার ভাষ্য, মানুষ মূলত পরিবারের জন্যই আয় করে ও জীবনযাপন করে। তাই ভালো কর্মপরিবেশ এবং মানবিক আচরণ নিশ্চিত করতে প্রয়োজন হলে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার কথাও ভাবা উচিত।

সূত্র : এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
ষষ্ঠ প্রজন্মের এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই চালকবিহীন যুদ্ধবিমান বা ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) যুক্ত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর মাধ্যমে বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করে ড্রোন পরিচালনার পরিকল্পনা করছে দেশটি। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি সিনেটের এক শুনানিতে এ পরিকল্পনার কথা জানান। সিসিএ প্রযুক্তির এসব চালকবিহীন যুদ্ধবিমান তুলনামূলক কম খরচে তৈরি করা হবে। প্রয়োজনে যুদ্ধে এগুলো হারানোর ঝুঁকি বিবেচনায় রেখেই নকশা করা হচ্ছে। বিমানবাহী রণতরির যুদ্ধক্ষমতা বাড়ানো, অভিযানের পরিধি বিস্তৃত করা এবং চালকসহ যুদ্ধবিমানের পাশাপাশি বিভিন্ন সামরিক দায়িত্ব পালনে সহায়তা করবে এসব উড়োজাহাজ। বর্তমানে পশ্চিমা বিশ্বে উন্নয়নাধীন দুটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের একটি হলো মার্কিন নৌবাহিনীর এফ/এ-এক্সএক্স। অন্যটি মার্কিন বিমানবাহিনীর এফ-৪৭। এফ/এ-এক্সএক্স এমনভাবে তৈরি করার পরিকল্পনা রয়েছে, যাতে এটি একাধিক চালকবিহীন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারে। ২০২৫ সালে ভবিষ্যতের বিমানবাহী রণতরিতে ব্যবহারের উপযোগী চালকবিহীন যুদ্ধবিমানের নকশা তৈরির কাজ শুরু করতে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে যুক্ত করে মার্কিন নৌবাহিনী। একই সঙ্গে এসব ড্রোন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। এদিকে, বিমানবাহী রণতরিতে ব্যবহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রথম স্থির-পাখার চালকবিহীন উড়োজাহাজ হলো এমকিউ-২৫ স্টিংরে। তবে এটি মূলত আকাশে জ্বালানি সরবরাহের জন্য তৈরি। ফলে যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে তৈরি সিসিএ প্রযুক্তির সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। চালকবিহীন উড়োজাহাজ পরিচালনায় নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কোরের মধ্যে প্রযুক্তিগত সামঞ্জস্য তৈরির উদ্যোগও নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে একটি বাহিনীর চালকসহ যুদ্ধবিমান অন্য বাহিনীর চালকবিহীন যুদ্ধবিমানও নিয়ন্ত্রণ করতে পারবে। অন্যদিকে, গত সেপ্টেম্বরে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় জয়ী হয় বোয়িং। এর আগে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়ে উদ্বেগ এবং বিমানবাহিনীর এফ-৪৭ প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতার কারণে কর্মসূচিটির কাজ স্থগিত রাখা হয়েছিল। পরে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপে প্রকল্পটি আবার এগিয়ে নেওয়া হয়। তবে এর বাস্তবায়নের সময়সূচি ও উৎপাদন সক্ষমতা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের আশা, ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমানটি কার্যক্রমে যুক্ত করা সম্ভব হবে। তবে অতীতে মার্কিন প্রতিরক্ষা খাতের বিভিন্ন বড় প্রকল্পে দীর্ঘসূত্রতার নজির থাকায় নির্ধারিত সময়ে এটি বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। এদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে চীন তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করার পর যুক্তরাষ্ট্রের এফ/এ-এক্সএক্স ও এফ-৪৭ কর্মসূচির গুরুত্ব আরও বেড়েছে। চীন ইতোমধ্যে এ ধরনের যুদ্ধবিমানের উড্ডয়ন পরীক্ষা শুরু করলেও যুক্তরাষ্ট্রের দুটি প্রকল্পের কোনোটিই এখনও প্রোটোটাইপের পরীক্ষামূলক উড্ডয়ন পর্যায়ে পৌঁছায়নি। এ অবস্থায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পাশাপাশি চালকবিহীন যুদ্ধবিমানকে বহরে যুক্ত করার মাধ্যমে সামরিক সক্ষমতায় এগিয়ে থাকার নতুন কৌশল গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। আরটিভি/এসকে
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
ইতালিতে ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগ, যেভাবে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরাও
২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে ইতালি সরকার। দেশটির কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ তৈরি হবে বাংলাদেশিদের জন্যও।
ইতালিতে ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগ, যেভাবে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরাও
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের করা অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা
মশা নিধন কিংবা মশার কামড় থেকে বাঁচার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে নতুন এক কৌশলে আশাব্যঞ্জক সাফল্য পেয়েছেন ব্রাজিলের গবেষকেরা।
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা