ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

মশা নিধন কিংবা মশার কামড় থেকে বাঁচার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে নতুন এক কৌশলে আশাব্যঞ্জক সাফল্য পেয়েছেন ব্রাজিলের গবেষকেরা। মশার শরীরে ‘উলবাচিয়া’ নামের প্রাকৃতিক ও ক্ষতিহীন ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে। একই পদ্ধতিতে চিকুনগুনিয়া সংক্রমণও কমেছে ৭৩ দশমিক ৩ শতাংশ।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তেতে চালানো এক বড় গবেষণায় এ সাফল্য পাওয়া যায়। গবেষণার ফল যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের আন্তর্জাতিক সভায় উপস্থাপন করা হয়েছে।

গবেষণায় ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের গবেষকেরা অংশ নেন।

যেভাবে কাজ করে উলবাচিয়া পদ্ধতি

গবেষকেরা ডেঙ্গু ছড়ানো এডিস ইজিপ্টি মশার শরীরে উলবাচিয়া নামের একধরনের প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করান। এই ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মশার শরীরে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ইয়েলো ফিভারের মতো ভাইরাসের বংশবিস্তার বাধাগ্রস্ত করে।

বিশেষভাবে প্রস্তুত করা এসব মশা পরে পরিবেশে ছেড়ে দেওয়া হয়। উদ্দেশ্য হলো, স্থানীয় মশার সঙ্গে প্রজননের মাধ্যমে উলবাচিয়াবাহী মশার সংখ্যা বাড়ানো এবং ধীরে ধীরে পুরো এলাকায় তাদের বিস্তার ঘটানো।

গবেষকেরা বেলো হরিজন্তে শহরের বিভিন্ন এলাকার ৫ হাজার ৭০০ শিশুর ওপর পরীক্ষা চালান। এতে উলবাচিয়াবাহী মশা ছাড়া হয়েছে এমন এলাকা এবং প্রচলিত মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া এলাকার শিশুদের মধ্যে তুলনা করা হয়।

ফলাফলে দেখা যায়, উলবাচিয়াবাহী মশা ছাড়া এলাকায় নিয়মিত রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্তের হার ছিল মাত্র ৪ শতাংশ। অন্যদিকে তুলনামূলক এলাকাগুলোতে এ হার ছিল ১৪ শতাংশ। সামগ্রিক হিসাবে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়া সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

আগেও মিলেছে বড় সাফল্য

উলবাচিয়া পদ্ধতির ব্যবহার অবশ্য নতুন নয়। ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রাম (ডব্লিউএমপি) দীর্ঘদিন ধরে এ পদ্ধতি নিয়ে কাজ করছে। সংস্থাটির বিভিন্ন প্রকল্পে ব্রাজিলের নিটেরোই ও কলম্বিয়ার আবুরা ভ্যালির মতো এলাকায় উলবাচিয়াবাহী মশা ছাড়া হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এসব এলাকায় প্রায় ১০ লাখ মানুষের ওপর পরিচালিত পর্যবেক্ষণে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ পর্যন্ত কমার প্রমাণ পাওয়া গেছে।

গবেষকদের মতে, একবার কোনো এলাকায় উলবাচিয়াবাহী মশার স্থায়ী জনগোষ্ঠী তৈরি হলে তারা নিজেরাই বংশবিস্তার করতে পারে। ফলে দীর্ঘ মেয়াদে বারবার কীটনাশক বা রাসায়নিক স্প্রে ব্যবহারের প্রয়োজন কমতে পারে। এতে খরচ ও পরিবেশের ক্ষতিও কমানো সম্ভব।

সিঙ্গাপুরেও ২০১৬ সাল থেকে উলবাচিয়া প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেখানে ব্যাকটেরিয়াবাহী পুরুষ মশা পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এসব মশা স্থানীয় স্ত্রী মশার সঙ্গে মিলিত হলে উৎপন্ন ডিম থেকে সাধারণত নতুন মশা জন্মায় না। ফলে মশার সংখ্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

ডেঙ্গুর বাইরেও মশা নিয়ে গবেষণা

শুধু ডেঙ্গু প্রতিরোধ নয়, মশাকে রোগ প্রতিরোধের বাহক হিসেবেও ব্যবহারের চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

২০২৪ সালে নেদারল্যান্ডসের লিডেন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ও র‍্যাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মশার মাধ্যমে ম্যালেরিয়ার বিরুদ্ধে রোগ প্রতিরোধক্ষমতা তৈরির একটি পরীক্ষামূলক পদ্ধতি নিয়ে কাজ করেন।

এতে মশার শরীরে পরিবর্তিত ম্যালেরিয়া পরজীবী প্রবেশ করানো হয়। মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করা এই পরিবর্তিত পরজীবি যকৃতে গিয়ে রোগ প্রতিরোধব্যবস্থাকে সক্রিয় করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারীদের একটি বড় অংশের শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি হলেও গবেষণাটি ছিল ছোট পরিসরের। তাই এ পদ্ধতির কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের গবেষকেরাও ২৬ জনের ওপর একই ধরনের একটি পরীক্ষা চালিয়েছিলেন। অন্যদিকে ২০১০ সালে জাপানের বিজ্ঞানীরা মশাকে ব্যবহার করে লেইশম্যানিয়াসিসের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরির পরীক্ষাও করেন।

ডেঙ্গু প্রতিরোধে নতুন সম্ভাবনা

বিশ্বজুড়ে ডেঙ্গু সংক্রমণের অন্যতম বড় কেন্দ্র ব্রাজিল। দেশটিতে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় প্রতিবছর বিপুল অর্থ ও জনবল ব্যয় করতে হয়। এমন পরিস্থিতিতে উলবাচিয়াবাহী মশার মাধ্যমে সংক্রমণ কমানোর এই সাফল্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে নতুন আশার সৃষ্টি করেছে।

বস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক গবেষক ডেভিড হ্যামার গবেষণার ফলকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এ ধরনের মশার ব্যবহার আরও বিস্তৃত করা গেলে অনেক এলাকায় ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

তবে বিজ্ঞানীদের লক্ষ্য শুধু পরীক্ষামূলক সাফল্য অর্জন নয়; বরং স্থানীয় পরিবেশে উলবাচিয়াবাহী মশার স্থায়ী জনগোষ্ঠী গড়ে তোলা। সফলভাবে তা করা গেলে ডেঙ্গু প্রতিরোধে প্রচলিত মশা নিধন পদ্ধতির পাশাপাশি এটি হতে পারে দীর্ঘমেয়াদি ও পরিবেশবান্ধব একটি বিকল্প।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বের প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি। হুলহীন মৌমাছির কথা অনেকের অজানা থাকলেও পৃথিবীতে এদের ৬০০টিরও বেশি প্রজাতি রয়েছে।
বিশ্বের প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
বিশেষভাবে তৈরি মশায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার সংক্রমণ কমেছে ৬৯ শতাংশ: গবেষণা
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ ঠেকাতে বিশেষভাবে তৈরি মশা (কৃত্রিম মশা) ব্যবহারে মিলেছে বড় সাফল্য।
বিশেষভাবে তৈরি মশায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার সংক্রমণ কমেছে ৬৯ শতাংশ: গবেষণা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
লাতিন আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে দেশটির মধ্যাঞ্চল কেঁপে ওঠে।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
কর বাড়ানোর প্রতিবাদে উত্তাল কলম্বিয়া, রাজপথে হাজারো মানুষ
কলম্বিয়ায় প্রস্তাবিত কর সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।
কর বাড়ানোর প্রতিবাদে উত্তাল কলম্বিয়া, রাজপথে হাজারো মানুষ
কারাগারে আলাদা জিম-বাথরুম, সামরিক কারাগারে পাঠানো হলো প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্টকে
দুর্নীতির মামলায় বিচার শুরুর অপেক্ষায় থাকা প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে সামরিক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কারাগারে আলাদা জিম-বাথরুম, সামরিক কারাগারে পাঠানো হলো প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্টকে
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৪৫
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭