ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মার্কিন নিরাপত্তায় বিশ্বাস নেই নেতানিয়াহুর, ছেলেকে সরিয়ে নিলেন দেশে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ছেলে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ওপর ভরসা হারিয়ে জরুরি ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার নেতানিয়াহুকে সরিয়ে নেওয়া হয়েছে। জানা যায়, গুরুতর হুমকি ও হত্যার আশঙ্কার কারণে তাকে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে নেতানিয়াহু অভিযোগ করে বলেছিলেন, তার এক সন্তানকে হত্যাচেষ্টা করছে ইরান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছে, ৩৫ বছর বয়সী ইয়ার নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ‘গুরুতর হুমকি’ পাওয়া গিয়েছিল। তবে এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত জানায়নি।

এর আগে ২৪ আগস্ট, ইসরায়েলি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ‘ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইরান তাকে হত্যা করার চেষ্টা করেছে।’ তবে তার দুই ছেলের মধ্যে কাকে কথিত ওই ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু করা হয়েছে, তা স্পষ্ট করেননি নেতানিয়াহু।

ইয়ার নেতানিয়াহু ২০২৩ সালে মিয়ামিতে চলে যান। এরপর গাজা, লেবানন ও ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের বেশির ভাগ সময় তিনি সেখানেই ছিলেন। জুলাই থেকে ইয়ার, তার মা সারা এবং ভাই আভনের নেতানিয়াহুর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন করেছে শিন বেত।

ইয়ার নেতানিয়াহু তার বাবার অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার পক্ষে সরব থাকার জন্য পরিচিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন মন্তব্যও বিতর্ক সৃষ্টি করেছে।

২০২৫ সালে তিনি পডকাস্টার জো রোগানের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষকে উসকে দেয়ার অভিযোগ তোলেন। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তার জনপ্রিয় অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেন।

এক্সে তিনি লিখেছিলেন, ‘তিনি এই গ্রহের প্রত্যেক নব্য নাৎসি ইহুদিবিদ্বেষীকে প্ল্যাটফর্ম দিয়েছেন, কিন্তু তিনি আমার বাবাকে তার অনুষ্ঠানে আনতে রাজি হননি, কারণ সে জানে যে আমার বাবার সঙ্গে সে কোনোভাবেই টিকতে পারবে না এবং বছরের পর বছর ধরে চালানো ইহুদিবিদ্বেষী প্রচারণা ব্যর্থ হয়ে যাবে।’

এর আগে পডকাস্টার জো রোগান কেলেঙ্কারিতে জড়ানো হান্টার বাইডেনের প্রশংসা করে তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য বলে মন্তব্য করলে তারও সমালোচনা করেন ইয়ার। তিনি লিখেছিলেন, ‘রক্ষণশীলদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা যে, জো রোগান কোনো রক্ষণশীল নন।’ মুসলিম ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে একাধিক পোস্ট দেয়ার কারণে ২০১৮ সালে ইয়ার নেতানিয়াহুর ফেসবুক অ্যাকাউন্টে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞাও দেয়া হয়েছিল।

এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আপনি কি জানেন কোথায় কোনো হামলা হয় না, আইসল্যান্ড এবং জাপানে। তার কারণ হলো সেখানে কোনো মুসলিম নেই।’ অন্য একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘১৯৬৪ সাল থেকে ‘ফিলিস্তিনি’ নামে পরিচিত মানবাকৃতির দানবদের সঙ্গে কখনো শান্তি হবে না।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে
যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য সময়সীমা গণনার নিয়মে পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা।
যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে
২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন মাত্র ৩৩ ভোট
সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা থাকলেই যে ভোটের মাঠে সমর্থন মিলবে, তার প্রমাণ রাজস্থানের ওমপ্রকাশ বিষ্ণোই। তিনটি প্ল্যাটফর্মে ২১ লাখ অনুসারী থাকলেও সরপঞ্চ নির্বাচনে পেয়েছেন মাত্র ৩৩ ভোট।
২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন মাত্র ৩৩ ভোট
ওয়াশিংটন ডিসির গলফ মাঠের গাছ রক্ষায় আদালতের ফের নির্দেশ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সরকারি গলফ মাঠের গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ফেডারেল আদালতের এক বিচারক। 
ওয়াশিংটন ডিসির গলফ মাঠের গাছ রক্ষায় আদালতের ফের নির্দেশ
মিসিসিপিতে ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগের দাবি ট্রাম্পের, বাড়বে কর্মসংস্থান
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে করছাড়, কর্মসংস্থান, কৃষি সহায়তা, গ্রামীণ স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
মিসিসিপিতে ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগের দাবি ট্রাম্পের, বাড়বে কর্মসংস্থান
হোয়াইট হাউসে হ্যালোইন উৎসবের ঘোষণা দিলেন মেলানিয়া ট্রাম্প
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যালোইন উৎসব।
হোয়াইট হাউসে হ্যালোইন উৎসবের ঘোষণা দিলেন মেলানিয়া ট্রাম্প
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে
ওয়াশিংটন ডিসির গলফ মাঠের গাছ রক্ষায় আদালতের ফের নির্দেশ
মিসিসিপিতে ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগের দাবি ট্রাম্পের, বাড়বে কর্মসংস্থান
কারাগার ভেঙে পালালেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি, চলছে তল্লাশি