
ভারতকে চাপে রাখতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে চীন। একদিকে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ, অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়াচ্ছে বেইজিং।
সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক আরও গভীর করছে দেশটি। যাতে ভারত সব দিক থেকেই কোণঠাসা হয়ে থাকে। এমনই সতর্কবার্তা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি বিশেষ কমিশনের বার্ষিক প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের (ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন) ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। ‘চীনের অন্য ফ্রন্ট: ভারত ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় চীনের সঙ্গে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা রয়েছে এমন কয়েকটি শক্তির মধ্যে ভারত অন্যতম।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক জোটের বাইরে থেকেও ভারত চীনের সঙ্গে প্রতিযোগিতা করার মতো জনসংখ্যা, অর্থনীতি ও শিল্প সক্ষমতা রাখে। শক্তিশালী ভারত এশিয়ায় ক্ষমতার ভারসাম্য যুক্তরাষ্ট্রের অনুকূলে রাখতে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে চীনের সরবরাহ ও উৎপাদন ব্যবস্থার বিকল্প হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দেশটি।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বিষয়টি চীন ভালোভাবেই বুঝতে পেরেছে। এ কারণে বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে বেইজিং।
মার্কিন কমিশনের মতে, ভারতকে চাপে রাখতে চীনের সবচেয়ে কার্যকর হাতিয়ার হচ্ছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ।
প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের ওপর নিয়ন্ত্রণ কাজে লাগাচ্ছে বেইজিং। এর মাধ্যমে নিজস্ব শিল্প সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে ভারতকে বাধার মুখে ফেলতে চাইছে দেশটি। পাশাপাশি ভারতের ওপর অর্থনৈতিক চাপ তৈরির জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছে চীন।
বিশ্লেষকদের মতে, শিল্প ও প্রযুক্তি খাতে চীনের ওপর ভারতের নির্ভরশীলতা কমানোর প্রচেষ্টা যত এগোবে, ততই দুই দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়তে পারে।
প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়েও সতর্ক করা হয়েছে। বিশেষ করে গত বছরের অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং পাকিস্তানের প্রতি দীর্ঘদিনের সমর্থন ভারতের মধ্যে দুই দিক থেকে সমন্বিত সামরিক হুমকির আশঙ্কা বাড়িয়েছে।
এতে আরও বলা হয়, ২০২৫ সালের মে মাসের সংঘাত দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী করতে পারে চীন।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিক হত্যার ঘটনার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করে। ওই হামলার পেছনে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করেছিল ভারত।
চলতি বছরের শুরুতে চীন প্রথমবারের মতো স্বীকার করে, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানকে সরাসরি কারিগরি সহায়তা দিয়েছিল তারা। মার্কিন প্রতিবেদনে এ বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আবার ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও নৌ-বাণিজ্যের কৌশলগত প্রবেশপথগুলোতে প্রভাব বিস্তারের মাধ্যমে ভারতের আঞ্চলিক সুবিধা দুর্বল করতে চাইছে বেইজিং।
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের আঞ্চলিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া চীনের বিপুল আর্থিক সক্ষমতা কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অবকাঠামো ও অর্থনৈতিক অংশীদারত্বের প্রস্তাব দেওয়া হচ্ছে। তুলনামূলক বিকল্পের অভাবে এসব দেশের অনেকেই চীনের অর্থায়ন ও বিনিয়োগের দিকে ঝুঁকছে।
মার্কিন কমিশনের আশঙ্কা, এভাবে অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত প্রভাব বাড়িয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান দুর্বল করার সুযোগ তৈরি করছে চীন।
তথ্যসূত্র: এনডিটিভি
আরটিভি/ এসকেডি

