
পাকিস্তানি ক্রুবাহী একটি ট্যাংকার জাহাজে দখলদার ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এ তথ্য জানান।
তিনি বলেন, জাহাজে মোট ২৭ জন ক্রু ছিলেন। যারমধ্যে ২৪ জন পাকিস্তানের, দুজন শ্রীলঙ্কার। আর বাকি একজন নেপালের নাগরিক। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ট্যাংকারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে নোঙর করা ছিল।
মহসিন নাকভি এক্সে হামলার ব্যাপারে লিখেছেন, একটি এলপিজি ট্যাংকার, যেটিতে ছিলেন ২৭ ক্রু (ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি) ইসরায়েলের ড্রোন হামলার স্বীকার হয়েছে। ট্যাংকারটি (হুতিদের নিয়ন্ত্রণাধীন) রাস আল-এসা বন্দরে গত ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে।
ক্রুদের নিরাপত্তা নিয়ে আশাহত হলেও বেসামরিক ও নিরপত্তাকর্মীদের প্রচেষ্টায় পাকিস্তানি ক্রুরা মুক্তি পান বলে উল্লেখ করে পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর হুতি বিদ্রোহীরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে। তবে হুতিরা পরবর্তীতে ট্যাংকার ও ক্রুদের ছেড়ে দেয়। এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে বলে জানান তিনি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর পর তাদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত দুই বছরে দুই পক্ষ অসংখ্যবার হামলা পাল্টা হামলা চালিয়েছে।
আরটিভি/কেএইচ




