
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে। তবে একই সঙ্গে সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা উপত্যকায় কোনো প্রকার বিদেশি শাসন বা নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না।
শুক্রবার (৩ অক্টোবর) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। হামাসের এই ঘোষণার পর ট্রাম্প দ্রুত ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দিতে আহ্বান জানান। এর পরপরই ইসরায়েলি সরকার সামরিক বাহিনীকে গাজা দখলের অভিযান থামাতে নির্দেশ দেয়।
ফিলিস্তিনের গাজায় প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এরপর শুক্রবার (৩ অক্টোবর) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে ট্রাম্প হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে শান্তি প্রস্তাব মেনে না নিলে হামাসকে 'নরকযন্ত্রণা ভোগ' করতে হবে।
এই কঠোর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে হামাস জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়, তবে বন্দিবিনিময়ের জন্য মাঠপর্যায়ের শর্ত মানার কথা জানায়। ফিলিস্তিনিদের বিভক্ত অংশ, সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে ‘গভীর সলাপরামর্শের’ পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
যদিও হামাস জিম্মি ইস্যুতে সম্মতি দিয়েছে, তবে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার পুরোটাতেই তাদের সম্মতি নেই। বিশেষত গাজা উপত্যকার ভবিষ্যৎ শাসনভার নিয়ে মতপার্থক্য বিদ্যমান।
হামাস স্পষ্ট করে জানিয়েছে, তারা গাজা উপত্যকার শাসনভার এমন একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থার কাছে হস্তান্তর করতে চায়, যা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামি বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে।
হামাস কর্মকর্তা মুসা আবু মারজুক আল–জাজিরাকে জানান, ইসরায়েলি দখলদারত্ব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা গাজাকে সামরিকীকরণ মুক্ত (নিরস্ত্রীকরণ) করবে না।
এদিকে দোহায় হামাসের জ্যেষ্ঠ প্রতিনিধি ওসামা হামদান বলেছেন, গাজা উপত্যকায় হামাস বিদেশি শাসন মেনে নেবে না; এমনকি অন্তর্বর্তী সময়ের জন্য হলেও।
উল্লেখ্য, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার একটি বিতর্কিত প্রস্তাব ছিল—যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের অধীন অতি ধনী ও প্রভাবশালী ইহুদিবাদী ব্যক্তিদের একটি দল গাজা পরিচালনার ভার নেবে।
হামাসের ইতিবাচক সাড়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, যেসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ-আলোচনা করছি। এটি শুধু গাজা নয় বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা।
আরটিভি/টিআই




