
ফিলিস্তিনের গাজা উপত্যায় দীর্ঘ যুদ্ধের অবসানের জন্য গত সপ্তাহে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন একটি প্রস্তাব পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে প্রস্তাব হামাস রাজি হওয়ার পর ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানালেও, রাতভর গাজা উপত্যকাজুড়ে ডজনখানেক বিমান হামলা ও কামান নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে কাতার ভিত্তিক সংবাদসংস্থা আলজাজিরা জানিয়েছে,
শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি সংবাদ সংস্থাকে বলেন, এটি ছিল একটি ‘খুব সহিংস রাত’, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি এবং উপত্যকার অন্যান্য এলাকায় ডজন ডজন বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে।
তিনি আরও জানান, রাতভর বোমা হামলায় ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
নিহতদের মধ্যে গাজা সিটির টুফ্ফাহ এলাকায় একটি বাড়িতে চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে বাপটাস্ট হাসপাতাল নিশ্চিত করেছে। অন্যদিকে, খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুত গাজাবাসীদের একটি তাঁবু শিবিরে ড্রোন হামলায় দুটি শিশু নিহত এবং আরও আটজন আহত হয়েছে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যশ ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প বলেন, হামাসের সর্বশেষ বিবৃতি দেখার পর আমার মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে তারা দীর্ঘমেয়াদী শান্তির জন্য প্রস্তুত।
‘এখন ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে—যেন আমরা সব জিম্মিকে দ্রুত ও নিরাপদে সেখান থেকে বের করে আনতে পারি; এই মুহূর্তে এটা অত্যন্ত বিপজ্জনক। আমরা ইতোমধ্যে যুদ্ধবিরতি প্রস্তাবের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। এই প্রস্তাবের লক্ষ্য শুধু গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘ দিন ধরে প্রত্যাশিত শান্তি স্থাপন।’
আরটিভি/এআর-টি




