
সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনে নাশকতামূলক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দামেস্ক।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী অঞ্চলের পাইপলাইনটিতে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগুনের কারণে আল-জাবসাহ গ্যাস প্ল্যান্ট থেকে বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি রদ করা হয়েছে। ফলে দেশজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন করে বড় ধরনের ধাক্কা লেগেছে।
এমন এক সময়ে এ নাশকতার ঘটনা ঘটল, যখন আঞ্চলিক সংঘাতের প্রভাবে জ্বালানির আকাশচুম্বী দাম বৃদ্ধিতে সিরিয়াজুড়ে তীব্র জনঅসন্তোষ ও বিক্ষোভ চলছে।
উল্লেখ্য, দীর্ঘ গৃহযুদ্ধে সিরিয়ার জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দৈনিক প্রায় আড়াই কোটি ঘনমিটার চাহিদার বিপরীতে বর্তমানে দেশটি মাত্র ৮৫ লাখ ঘনমিটার গ্যাস উৎপাদন করতে সক্ষম হচ্ছে।
আরটিভি/এআর




