ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম
ছবি : সংগৃহীত

চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার জন্য পরিচিত জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা ৯০ বছর বয়সে মারা গেছেন। ক্ষমতাসীন দলের এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওই কর্মকর্তা এএফপিকে জানান, গত ২২ অক্টোবর ফুকুদা মারা যান।

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হয়ে ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে এক বছর জাপানের নেতৃত্ব দেন ফুকুদা। আবের প্রথম দফার প্রধানমন্ত্রিত্ব মাত্র ১২ মাস স্থায়ী হয়েছিল। ক্ষমতায় থাকাকালে ফুকুদা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন এবং তৎকালীন চীনা প্রেসিডেন্ট হু চিনতাওকে জাপান সফরের আমন্ত্রণ জানান।

২০০৮ সালের মে মাসে হুর ওই সফরের মধ্য দিয়ে এক দশকের মধ্যে প্রথমবারের মতো চীনের কোনো রাষ্ট্রপ্রধান জাপান সফর করেন। দুই নেতা এক যৌথ বিবৃতিতে ‘অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক’ গড়ে তোলার অঙ্গীকার করেন।

জনসমর্থন কমে যাওয়ায় ফুকুদা ২০০৮ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। ২০১২ সালে তিনি রাজনীতি থেকে অবসর নেন। তবে বিতর্কিত দ্বীপপুঞ্জের মালিকানা ও ঐতিহাসিক বিভিন্ন ইস্যু নিয়ে টোকিও ও বেইজিংয়ের সম্পর্কের অবনতি ঘটলে ফুকুদা ২০১৪ সালে চীন সফর করেন।

এ সময় তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তার এই উদ্যোগ শির সঙ্গে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী আবের দ্বিতীয় দফার শাসনামলে অনুষ্ঠিত একটি শীর্ষ বৈঠকের পথ সুগম করে।

বেইজিং তাকে ‘পুরোনো বন্ধু’ হিসেবে স্মরণ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, মি. ইয়াসুও ফুকুদা চীনা জনগণের পুরোনো বন্ধু ছিলেন এবং চীন-জাপান সম্পর্কের উন্নতি ও বিকাশে ইতিবাচক অবদান রেখেছেন।

গুও জিয়াকুন ‘জাপানের প্রবীণ প্রজন্মের রাষ্ট্রনায়কদের সততা ও দায়িত্ববোধের’ কথা উল্লেখ করেন এবং ‘জাপানের বর্তমান নেতৃত্বকে’ গভীরভাবে আত্মসমালোচনার আহ্বান জানান।

চীনের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করা তাইওয়ানে হামলা হলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে বলে গত বছর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেওয়ার পর দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জাতীয় পর্যায়ের ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার এক পরীক্ষার্থী। পরীক্ষার ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম হওয়া ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর রোববার (১৫ নভেম্বর) তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম
চীনের নতুন সাফল্য, এক চার্জে ৪০০ কিলোমিটার উড়বে যাত্রীবাহী বিমান
জ্বালানিনির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব বিমান চলাচলের পথে নতুন মাইলফলক অর্জন করেছে চীন। দেশটিতে তৈরি সম্পূর্ণ ব্যাটারিচালিত যাত্রীবাহী বাণিজ্যিক বিমান ‘সিই-২৫এ’ (CE-25A) সফলভাবে প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। নির্মাতাদের দাবি, একবার পূর্ণ চার্জে বিমানটি প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। শনিবার (১৪ নভেম্বর) চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির প্রথম পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হয়। এতে পাইলটদের পাশাপাশি একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ারও অংশ নেন। চীনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (সিওএমএসি), বিশ্বের অন্যতম শীর্ষ ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএটিএল এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে বিমানটি। মূলত কাছাকাছি শহরগুলোর মধ্যে স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাত্রী পরিবহনের লক্ষ্যেই এটি নির্মাণ করা হয়েছে। সিই-২৫এ বিমানের সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজন ১০ টন। এতে একসঙ্গে ১৯ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। বিমানটির ক্রুজ গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার এবং এটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম। সংশ্লিষ্ট সূত্র জানায়, পাইলটসহ প্রথম উড্ডয়নের আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চালকবিহীন অবস্থায় বিমানটির ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। এসব পরীক্ষায় সফলতার পর বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমোদন পেতে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে টাইপ সার্টিফিকেশনের আবেদন করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। কর্তৃপক্ষ ইতোমধ্যে আবেদন গ্রহণ করে পর্যালোচনা শুরু করেছে। তবে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করতে প্রয়োজনীয় সনদ ও অনুমোদন পাওয়া এখনো বাকি। বিশ্লেষকদের মতে, ব্যাটারিচালিত এই বিমান ভবিষ্যতে স্বল্প দূরত্বের আকাশপথে পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব বিমান প্রযুক্তির উন্নয়ন এবং প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। আরটিভি/এসকে
চীনের নতুন সাফল্য, এক চার্জে ৪০০ কিলোমিটার উড়বে যাত্রীবাহী বিমান
থাইল্যান্ডে ভয়াবহ আগুন, বহু হতাহত
মাত্রই চার মাস আগে ব্যাংককে একটি ভবনে এরকমই ভয়বহ এক অগ্নিকাণ্ড ঘটে, যেখানে ২৭ জনের মৃত্যু হয়। 
থাইল্যান্ডে ভয়াবহ আগুন, বহু হতাহত
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার (১৫ নভেম্বর) রাতে অনুভূত এই ভূমিকম্পের তথ্য জানিয়েছে চীনের সংবাদমাধ্যম সিনহুয়া। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভূমিকম্পটির অবস্থান ছিল ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। তবে ভূমিকম্পের সময় ও গভীরতা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা ভিন্নতা পাওয়া গেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৬ নভেম্বর) ভোর ৩টা ৩৭ মিনিটে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির হিসাবে, এর মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং গভীরতা ছিল ১৭৯ কিলোমিটার। অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। সংস্থাটির তথ্য অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।   আরটিভি/এসকে
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। 
মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ
আরও পড়ুন
ভিনিসিয়ুসের জোড়া গোল, শেষের রোমাঞ্চে ব্রাজিলকে হারাল জাপান
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
এবার জাপান-আমিরাত থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত
চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান