
নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন এলাকায় একটি প্রতিবাদ সমাবেশে বিএমডব্লিউ সিডান গাড়ির ধাক্কায় কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। গাড়িটির চালকের আসনে একজন নারী ছিলেন।
আইন প্রয়োগকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে বলে নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা কিছু ভাষ্য মতে, ভিড়ের মধ্যে গাড়িটি ঢুকে পড়ার আগে সেটি থেমে ছিল এবং প্রতিবাদকারীরা সেটি ঘিরে ছিলেন। এখানে বিশৃঙ্খলা দেখা দেওয়ার পর গাড়িটি হঠাৎ এগিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, এতে কিছু লোক ও বাইসাইকেল ছিটকে পড়ে। তবে এসব ভাষ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
বর্ণবাদবিরোধী গোষ্ঠী ব্ল্যাক লাইভস ম্যাটার ওই প্রতিবাদের আয়োজন করেছিল বলে পুলিশ ও বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের একজন ফটোগ্রাফার ও অন্তত একটি গণমাধ্যম জানিয়েছে, ইউএস ইমিগ্রেইশন এন্ড কাস্টমস ইনফোর্সমেন্ট এর হেফাজতে নিউ জার্সির কারাগারে থাকা নথিবিহীন নয়জন অভিবাসীর অনশন ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ওই প্রতিবাদ সমাবেশটির আয়োজন করা হয়েছিল।
এফএ/পি




