ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত

স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭৯ জন। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়াগামী রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, ট্রেন দুটি একই দিকে চলছিল। এ সময় একটি ট্রেন পেছন থেকে অন্য ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনাস্থল কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া জানান, প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। তবে পরবর্তী তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইসকে সরকারি সূত্র জানিয়েছে, এবারের দুর্ঘটনা গত জানুয়ারিতে আদামুজে ঘটে যাওয়া রেল দুর্ঘটনার চেয়েও ভয়াবহ হতে পারে। ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এবারের দুর্ঘটনায় মাদ্রিদ থেকে সেভিলগামী রেনফে এভিই উচ্চগতির ট্রেন এবং বিপরীত দিক থেকে আসা ইরিওর একটি ট্রেন জড়িত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাইনচ্যুত একটি ট্রেনের বগি উল্টে পড়ে আছে। সেখান থেকে ধোঁয়া উঠছে এবং আশপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। এভিই ট্রেনের শেষ দিকের একটি বগিতে থাকা এক যাত্রী ক্যাপিটাল রেডিওকে জানান, প্রচণ্ড সংঘর্ষের পর ট্রেনটির একটি অংশ আকাশে ছিটকে উঠেছিল।

কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার সময় ইরিও ট্রেনে একটি শিশুসহ ১৪৬ জন যাত্রী ছিলেন। অন্যদিকে, এভিই ট্রেনে ছিলেন প্রায় ৩৯৭ জন যাত্রী।

এদিকে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তোলেদোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় তিনি মর্মাহত। পরিস্থিতি মোকাবিলায় তিনি পরিবহনমন্ত্রী এবং কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

প্রধানমন্ত্রী আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। সংশ্লিষ্ট প্রশাসনগুলো সমন্বয়ের মাধ্যমে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

কাছের শহর উর্দার মেয়র ম্যানুয়েল গালান জানিয়েছেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য স্থানীয় একটি ক্রীড়া মিলনায়তন প্রস্তুত রাখতে নাগরিক সুরক্ষা কর্মকর্তারা প্রশাসনকে অনুরোধ করেছেন।

প্রতিবেশী গ্রাম লস ইয়েবেনেসের মেয়র হেসুস পেরেস দুর্ঘটনাটিকে গুরুতর বলে বর্ণনা করেছেন। কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পাখেও দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে এক্সে জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে স্পেনের দক্ষিণাঞ্চলে আরেকটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। সে সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ালে বহু মানুষের প্রাণহানি ঘটে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও দ্য সান


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিল সুইডেন
দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের নাগরিকত্ব বাতিল করার বিষয়ে সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছে সুইডেনের পার্লামেন্ট। 
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিল সুইডেন
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। 
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
ইতালিতে চাকরির আবেদন শেষ ৭ ডিসেম্বর, থাকছে পরেও সুযোগ
ইতালিতে ২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র পূরণের শেষ সময় ৭ ডিসেম্বর। তবে নির্ধারিত সময়ের পরও অসম্পূর্ণ আবেদন সম্পন্ন এবং প্রয়োজনীয় তথ্য সংশোধনের সুযোগ পাবেন নিয়োগকর্তারা। এ জন্য আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সীমিত সময়ের জন্য আবারও খুলবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল। তবে এ সুযোগ সবার জন্য নয়। যেসব নিয়োগকর্তা আগে থেকেই আবেদনপত্র পূরণ শুরু করেছেন, কেবল তাঁরাই দ্বিতীয় দফায় প্রয়োজনীয় তথ্য যুক্ত, সংশোধন কিংবা অসম্পূর্ণ আবেদন সম্পন্ন করতে পারবেন। এ সময়ে নতুন করে কোনো আবেদন তৈরি করা যাবে না। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনপত্র পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। বাংলাদেশ সময় ৮ ডিসেম্বর রাত ১টায় এ কার্যক্রমের প্রথম ধাপ শেষ হবে। এরপর ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ১৪ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত আবারও সীমিত সময়ের জন্য পোর্টাল চালু থাকবে। এ সময় আগে থেকে শুরু করা আবেদনপত্রের অসম্পূর্ণ কাজ শেষ করা এবং প্রয়োজনীয় তথ্য সংশোধন বা সংযুক্ত করা যাবে। তবে নতুন আবেদন করার সুযোগ থাকবে না। চার ধাপে জমা হবে আবেদন আবেদনপত্র পূরণ করলেই নিয়োগের আবেদন চূড়ান্তভাবে জমা হবে না। কাজের ধরন অনুযায়ী ইতালি সরকার নির্ধারিত চারটি আলাদা দিনে অনলাইনে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১২ জানুয়ারি কৃষি খাতের মৌসুমি কর্মীদের আবেদন জমা নেওয়া হবে। পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত দিন ৯ ফেব্রুয়ারি। অমৌসুমি চাকরির আবেদন জমা দেওয়া যাবে ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যার কাজের জন্য আবেদন জমা নেওয়া হবে ১৮ ফেব্রুয়ারি। প্রতিটি নির্ধারিত দিনে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে আবেদন জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। আবেদন করবেন নিয়োগকর্তা ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের অনুমতির আবেদন সরাসরি কর্মীকে করতে হবে না। এ প্রক্রিয়ায় আবেদন করবেন ইতালির নিয়োগকর্তা। তিনি নিজে অথবা অনুমোদিত পেশাজীবী ও সংশ্লিষ্ট সংগঠনের সহায়তায় আবেদনপত্র পূরণ এবং জমা দিতে পারবেন। বিদেশি কর্মীরা নিজেরা সরাসরি এই প্রক্রিয়ায় কাজের অনুমতির আবেদন করতে পারবেন না। ইতালি সরকারের ২০২৭ সালের কর্মী নিয়োগ পরিকল্পনায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন রয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি চাকরিতে, ৮৯ হাজার জন মৌসুমি কাজে এবং ৬৫০ জন স্বনিয়োজিত কাজে নিয়োগের সুযোগ পাবেন। নির্ধারিত খাতের জন্য বরাদ্দ থাকা সাপেক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আরটিভি/এসকে
ইতালিতে চাকরির আবেদন শেষ ৭ ডিসেম্বর, থাকছে পরেও সুযোগ
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও যথাযথ অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ইতালি।
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
আরও পড়ুন
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে
কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানিশরা?
ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন