
দূষণে ভরা নদী একাই পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ভারতের ২১ বছর বয়সী তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী। ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত এই তরুণের পরিবেশ রক্ষার কাজ নজর কেড়েছে নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বোয়ান স্লাটের। তরুণটির কাজের প্রশংসা করে তাকে নিজের প্রতিষ্ঠানে কাজের প্রস্তাব দিয়েছেন তিনি।
ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলার আজনার নদী দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বর্জ্য, শেওলা, কাদা ও নানা ধরনের আবর্জনায় দূষিত হয়ে পড়েছিল। নদীর পাশের একটি স্থানীয় মন্দিরের আশপাশের পরিবেশও ছিল অত্যন্ত নোংরা। দুর্গন্ধে ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী।
এ অবস্থায় সরকারি উদ্যোগের অপেক্ষা না করে নিজেই নদী পরিষ্কারের সিদ্ধান্ত নেন সুরেন্দ্র। ২০২৬ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে তিনি নদী পরিষ্কারের কাজ শুরু করেন। শুরুতে কয়েকজন বন্ধু সহযোগিতা করলেও পরে প্রায় একাই কাজটি চালিয়ে যেতে হয় তাকে।
সাধারণ কিছু সরঞ্জাম ব্যবহার করে দিনের পর দিন নদীতে নেমে হাতে হাতে আবর্জনা পরিষ্কার করেন বিট্টু। পর্যাপ্ত নিরাপত্তাসামগ্রী না থাকা এবং সাঁতার না জানা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যান। নদী পরিষ্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে নিজের সঞ্চয়ের টাকাও খরচ করেন।
তবে এই কঠিন কাজের কারণে তার স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। নদী পরিষ্কারের সময় শরীরের বিভিন্ন অংশে সংক্রমণ ও ত্বকে চুলকানির সমস্যায় ভুগতে হয় তাকে। কাজের সময় কয়েকবার সাপের মুখোমুখিও হন সুরেন্দ্র।
তার এই উদ্যোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে বোয়ান স্লাটের। কাজ দেখে মুগ্ধ হয়ে তিনি সুরেন্দ্রকে ‘দ্য ওশান ক্লিনআপ’-এ কাজ করার আমন্ত্রণ জানান। ফলে স্থানীয় পর্যায়ে শুরু করা তার পরিবেশ রক্ষার উদ্যোগ এখন আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা কুড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সাধারণ পরিবারের সন্তান সুরেন্দ্র বর্তমানে বাবা-মায়ের সঙ্গে থাকেন এবং স্নাতক পর্যায়ের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।
আরটিভি/এসকে


