
ভারতের কর্ণাটক রাজ্যের কোপ্পাল জেলায় বাড়ির সামনে বানরের হামলায় ৯১ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (২১ মেপ্টেম্বর) বিটি পাতিল নগর এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাড়ির বাইরে থাকা ওই বৃদ্ধার ওপর হঠাৎ করেই একটি বানর ঝাঁপিয়ে পড়ে।
নিহত ওই বৃদ্ধার নাম নাজমুনিসা বেগম। বানরের অতর্কিত হামলায় গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংবাদ সংস্থা পিটিআই-এর শেয়ার করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার সময় চিৎকার শুনে আরেক বয়স্ক নারী ঘর থেকে বেরিয়ে আসেন। সে সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে তিনি বানরের আক্রমণ থেকে রক্ষা পান এবং বানরটি পালিয়ে যায়।
সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থানে লোকালয় ও জনসমাগমস্থলে বানরের হামলার ঘটনা বেশ উদ্বেগ বাড়িয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিল্লির চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে একটি বানর এক কর্মীর ওপর হামলা চালায়। এতে ওই কর্মীর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। এছাড়া এক দর্শনার্থীও বানরের কামড়ের শিকার হন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, একই বানর ২০২৫ সালের ডিসেম্বরেও আরেক কর্মীকে আহত করেছিল।
এদিকে, মানেসারের একটি আবাসিক এলাকার বাসিন্দারাও বানরের উপদ্রব নিয়ে তীব্র অভিযোগ জানিয়েছেন। সেখানে গত ১৫ দিনে অন্তত তিন শিশু বানরের হামলার শিকার হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষের কাছে বারবার জানানোর পরও পার্ক, বারান্দা ও সাধারণ চলাচলের জায়গাগুলোতে বানরের অবাধ বিচরণ থামানো যাচ্ছে না। এতে অভিভাবকরা শিশুদের নিয়ে যেমন আতঙ্কে আছেন, তেমনি বয়স্করাও ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। তবে বন বিভাগ বলছে, শহরাঞ্চলে বানরের উপদ্রব নিয়ন্ত্রণের বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়। অন্যদিকে মিউনিসিপ্যাল করপোরেশন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরটিভি/ এসকেডি




