
ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে প্রকাশ্যে আইফোন চেয়ে বসেছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস।
ভিডিওতে দেখা যায়, মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ সময় এক যুবক তার সামনে এসে সরাসরি বলেন, স্যার, আমি একটি আইফোন চাই।
যুবকের এমন অপ্রত্যাশিত আবদারে কিছুটা অবাক হন মুখ্যমন্ত্রী। তিনি জানতে চান, আইফোন? তুমি পুরোনো আইফোন চাও, নাকি নতুন?
এরপর মজার ছলে হাত তুলে যুবককে হালকা ধমক দেওয়ার ভঙ্গি করেন বিশ্বশর্মা। তবে শেষ পর্যন্ত আবদারটি প্রত্যাখ্যান না করে তাকে আইফোন দেওয়ার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ঠিক আছে, আমরা তোমাকে একটি আইফোন এনে দেব। তুমি পেয়ে যাবে।
এরপর তিনি সেখান থেকে এগিয়ে গিয়ে উপস্থিত অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন।
ঘটনার ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হিমন্ত বিশ্বশর্মা। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, খুবই স্পষ্ট অগ্রাধিকার।
ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর কাছে এমন সরাসরি ও অপ্রত্যাশিত আবদার করায় ওই যুবককে নিয়ে রসিকতা করেছেন অনেকে। কেউ কেউ মুখ্যমন্ত্রীর উদারতার প্রশংসা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন প্রতিশ্রুতি অনুযায়ী ওই যুবক শেষ পর্যন্ত আইফোন পেয়েছেন কি না।
অনেকের মতে, মুখ্যমন্ত্রীর কাছে এতটা স্বাভাবিক ভঙ্গিতে আইফোন চাওয়ার ঘটনাই ভিডিওটিকে আরও মজার করে তুলেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরটিভি/এসকে


