
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের ধাক্কায় দেশটির বাজারের ওপর নির্ভরতা কমাচ্ছেন ভারতের পোশাক রপ্তানিকারকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও একক বাজারের ওপর আগের মতো নির্ভর করতে চান না তারা। এর পরিবর্তে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর পর ভারতীয় পোশাক রপ্তানিকারকদের অনেক ক্রেতা পণ্য কেনার আদেশ বাতিল করেন, আবার কেউ কেউ ছাড় চান। এতে ব্যবসায়ীদের মুনাফায় চাপ তৈরি হয়। এর পর থেকে অনেক প্রতিষ্ঠান বিকল্প বাজার খুঁজতে শুরু করে।
ভারতের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ক্রাফটের যুক্তরাষ্ট্রে বিক্রি একসময় মোট বিক্রির ৮৪ শতাংশ ছিল। বর্তমানে তা কমে ১০ শতাংশের নিচে নেমেছে। প্রতিষ্ঠানটি এখন যুক্তরাজ্য, ইউরোপ ও ভারতের বাজারে বেশি পণ্য বিক্রি করছে।
এদিকে চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভারতের বস্ত্র, পোশাক ও গৃহসজ্জার পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কমে ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্য বাজারগুলোতে রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ।
ব্যবসায়ীরা বলছেন, শুল্ক নিয়ে অনিশ্চয়তা, পণ্য পরিবহনের বাড়তি খরচ এবং ক্রেতাদের মূল্যছাড়ের চাপে বিকল্প বাজার খোঁজা জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে সরকারি ভর্তুকি ও সহজে জমি পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে নতুন পোশাক কারখানা গড়ে উঠছে।
তবে বড় বাজার হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা পুরোপুরি বন্ধ করতে চান না রপ্তানিকারকরা। তাদের লক্ষ্য, একক বাজারের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানির ঝুঁকি সামাল দেওয়া।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ




