
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের গ্লুচেস্টার শহরের কাছে ৪১ বছর বয়সী ওই সেনাকে আটক করে ব্রিটিশ পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ গোপন তথ্য সংগ্রহ ও বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, অভিযোগের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার পরিচালক কাশ প্যাটেল এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। মার্কিন সেনাবাহিনীর পাল্টা গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচনও বলেছেন, সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা ব্যক্তিদের মাধ্যমে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
তবে গ্রেপ্তারের ঘটনাটি ব্রিটেনে চলমান অন্য কোনো সন্ত্রাসবিরোধী তদন্তের সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


